মূল্যবৃদ্ধির প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, উন্নয়নকাজ বন্ধ করে খাদ্য আমদানি করলেই বাজার সমস্যার সমাধান হবে না। মূল্যবৃদ্ধির প্রকৃত কারণ অনুসন্ধান করতে হবে। মূল্যবৃদ্ধির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে আগামীতে মহাজোট সরকারকে কঠিন মূল্য দিতে হবে। আজ শুক্রবার দুপুরে নোয়াখালী পৌর হলে বাংলাদেশ যুব মৈত্রীর জেলা সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাশেদ খান মেনন বলেন, অতীতে খাদ্য পরিস্থিতি এ দেশে সরকার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তাই যেকোনো মূল্যে সরকারকে খাদ্য রাজনীতি মোকাবিলা করতে হবে। বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হলেও কেন বাজারে চালের দাম বাড়ছে, তা তিনি খতিয়ে দেখার আহ্বান জানান। রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরুর প্রথমদিকে বিএনপি জাতির সামনে নিজেদের অবস্থান পরিষ্কার না করলেও চিহ্নিত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা) গ্রেপ্তারের পর তারা স্বরূপে আবির্ভূত হয়েছে। তারা সংসদে যাওয়ার জন্য সাকা চৌধুরীর মুক্তির দাবি তুলতেও দ্বিধা করেনি। এটাই প্রমাণ করে যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থান কী।যুব মৈত্রীর জেলা আহ্বায়ক মির্জা গালিব আহমেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহছান, যুব মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর রতন, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।