শেয়ারবাজারের দ্বিতীয় দফা ধস থামানো যাচ্ছে না। কোনো উদ্যোগেই বাজার স্বাভাবিক ছন্দ ফিরে পাচ্ছে না। একদিকে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের বিভিন্ন সংস্থা নানা প্রণোদনার জোগান দিচ্ছে, তাতে সাময়িকভাবে বিনিয়োগকারীরা কিছুটা আশাবাদী হলেও সরকারের মন্ত্রী, উপদেষ্টাদের বক্তব্য তাঁদের মধ্যে চরম হতাশা তৈরি করছে।মঙ্গলবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেয়ারবাজারের চলমান সংকট সমাধানে নিজেই হতাশা প্রকাশ করেন। তিনি বলেছেন, ‘প্রাথমিক বাজার ভালো চললেও সেকেন্ডারি বাজারে সমস্যা এখনো রয়ে গেছে। এই সমস্যার সমাধান কীভাবে হবে, তা আমি জানি না।’মন্ত্রীর এমন বক্তব্য বিনিয়োগকারীদের আবারও চরম হতাশাগ্রস্ত করে দেয়। লেনদেনের শুরুতেই যার প্রভাব দেখা যায়। এতে গতকাল দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দরপতন ঘটেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৫৬ শতাংশ শেয়ারের দাম কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ৬৯ শতাংশ শেয়ারের দাম। দরপতনের প্রতিবাদে গতকালও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন।বুধবার লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই ডিএসইর সাধারণ সূচক ১১৫ পয়েন্ট পড়ে যায়। প্রথম এক ঘণ্টার মধ্যে সেটি দাঁড়ায় ১৮৯ পয়েন্টে।এদিকে দুপুরের পর বাংলাদেশ ব্যাংক সংবাদকর্মীদের একটি লিখিত ব্যাখ্যা দেয়। যাতে ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগসংক্রান্ত বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরা হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই এই খবর বাজারে ছড়িয়ে পড়ে। তাতে বড় দরপতনের হাত থেকে বাজার রক্ষা পায়। তবে দিন শেষে দুই বাজারেরই মূল্যসূচক কমেছে।বাজার পরিস্থিতি নিয়ে যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, বাজারকে স্বাভাবিক ছন্দে আনতে হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরই এগিয়ে আসতে হবে। শেয়ারের দাম অনেক নিচে নেমে আসার পরও কেন তারা বাজারে আসছে না, তার কারণ খুঁজে বের করতে হবে। এমনও হতে পারে, তারা এখনো ভরসা পাচ্ছে না। যদি তেমনটি হয়ে থাকে তাহলে ভরসা না পাওয়ার কারণগুলো জেনে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম বলেন, ‘বর্তমান বাজারে দরকার “মার্কেট মেকার”-এর কার্যক্রম। যেহেতু আমাদের বাজারে সেই ধরনের ব্যবস্থা চালু নেই, তাই সামর্থ্যবান বিনিয়োগকারীদেরই এ কাজে লাগাতে হবে। যারা দীর্ঘ মেয়াদে বাজারে বিনিয়োগ করবে।’বিক্ষোভ: বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা গতকাল ঢাকার মতিঝিলের ডিএসই ভবনের সামনের সড়কে মিছিল ও মানববন্ধন করেছেন। দুপুর সোয়া ১২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি সাড়ে চারটা পর্যন্ত চলে। এ সময় সড়কের একপাশে যান চলাচল বন্ধ ছিল। গত কয়েক দিনের মতো গতকালও ডিএসই ভবনের সামনে বিপুলসংখ্যক পুলিশ উপস্থিত ছিল। এর আগে দুপুর ১২টার দিকে ডিএসই ভবনের সপ্তম তলায় ইন্টারনেট সংযোগের তারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভীত হয়ে ওই ভবনের বিভিন্ন ব্রোকারেজ হাউসে অবস্থানকারী বিনিয়োগকারীরা দ্রুত রাস্তায় নেমে আসেন। এর পরপরই শুরু হয় বিনিয়োগকারীদের বিক্ষোভ। যার নেতৃত্ব দেয় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। দিনের কর্মসূচি শেষে আজ বৃহস্পতিবার শেয়ারবাজারের লেনদেন বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। অগ্নিকাণ্ডের খবরে দমকল বাহিনীর দুটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। ততক্ষণে আগুন নিভে যায়। এদিকে বিক্ষোভ চলাকালে পুঁজি হারানো আনোয়ার হোসেন নামের একজন বিনিয়োগকারী অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে পাঠানো হয়।বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা: সংবাদকর্মীদের দেওয়া ব্যাখ্যায় সংস্থাটি বলেছে, ১২ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আলোচনায় কিছু বিষয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে: কেন্দ্রীয় ব্যাংকের পুনঃ তফসিলীকরণ নীতিমালা মেনে ব্যাংকগুলো নিজেরা প্রান্তিক (মার্জিন) ঋণ পুনঃ তফসিলীকরণ করতে পারবে। এ ক্ষেত্রে এককালীন জমার (ডাউন পেমেন্ট) শর্ত শিথিলের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যাংকের আবেদনে কেন্দ্রীয় ব্যাংক বিষয়টি ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করবে। এ ছাড়া প্রান্তিক ঋণের সুদ মওকুফের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কোনো বিধিনিষেধ নেই। ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংকগুলো এটি করতে পারে। একই সঙ্গে আইনি সীমার মধ্যে থেকে ব্যাংকগুলো পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে বলেও ব্যাখ্যায় জানানো হয়। এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (এবিবি) নেতাদের আলোচনা হয়েছে। আজ বৃহস্পতিবার এবিবির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।বাজার পরিস্থিতি: বড় ধরনের দরপতন দিয়ে লেনদেন শুরু হলেও দিন শেষে সেটি ততটা প্রকট ছিল না। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে প্রায় ৪৯ পয়েন্ট কমে নেমে এসেছে পাঁচ হাজার ২৫৮ পয়েন্টে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির পর এটিই ডিএসইর সাধারণ সূচকের সর্বনিম্ন অবস্থান। ওই দিন ডিএসইর সাধারণ সূচক ছিল পাঁচ হাজার ২০৩ পয়েন্ট।ডিএসইতে গতকাল ২৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৪২টিরই দাম কমেছে, বেড়েছে ১০০টির আর অপরিবর্তিত ছিল ১৩টির দাম। স্টক এক্সচেঞ্জটিতে ২৭৭ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৬৮ কোটি টাকা বেশি।সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল ১৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৮২৭ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে এই দিন ১৭৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১২১টিরই দাম কমেছে, বেড়েছে ৪৩টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। বুধবার সিএসইতে ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ১৬ কোটি টাকা বেশি।