মূল্যসূচক এখনো বাড়িয়ে দেখানো হচ্ছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো ভুল মূল্যসূচকেই চলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রতিদিনকার লেনদেন। এ কারণে সাধারণ মূল্যসূচকে যোগ হয়েছে বাড়তি ২৫০০ পয়েন্ট। এতে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সব মহল বাজারের প্রকৃত চিত্র সম্পর্কে ভুল ও অতিরঞ্জিত সংকেত পাচ্ছে। একটি দেশের শেয়ারবাজারের গতিপ্রকৃতি মূল্যায়নের অন্যতম মাপকাঠি হচ্ছে মূল্যসূচক। অনেক ক্ষেত্রে সূচকের অবস্থানের ওপর বিনিয়োগকারীদের বিনিয়োগের সিদ্ধান্ত নির্ভর করে। কিন্তু সূচক গণনায় অসংগতি দূর না হওয়ায় বেশ কয়েক বছর ধরেই ভুল বার্তা অব্যাহত রয়েছে বলে বিশেষজ্ঞরা জানান। ডিএসইর মূল্যসূচক সমন্বয়ের জন্য গঠিত তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শামসুল হক, মাহমুদ ওসমান ইমাম ও সাদিকুল ইসলামকে দিয়ে এই কমিটি গঠন করে ডিএসই কর্তৃপক্ষ। বিশেষজ্ঞ কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন পেয়ে সূচক সমন্বয়ের ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মতামত চেয়েছে ডিএসই কর্তৃপক্ষ। গত এপ্রিল মাসে ডিএসই এ ব্যাপারে এসইসির মতামত চেয়ে পাঠালেও নিয়ন্ত্রক সংস্থা এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। বিশেষজ্ঞ কমিটির সদস্য মাহমুদ ওসমান ইমাম প্রথম আলোকে বলেন, ‘সূচকের অসংগতিগুলো দূর না হওয়ায় এটি মূলত ভুল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ফলে এটি বিনিয়োগের অর্থবহ কোনো বার্তা দিচ্ছে না। এ কারণে আমরা সূচকের অসংগতি দূর করার সুপারিশ করেছি।’ কমিটির প্রতিবেদন অনুযায়ী, সূচক পরিমাপ বা নির্ধারণে হিসাবজনিত অসংগতির কারণে ২০১০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত ডিএসইর সাধারণ মূল্যসূচকে প্রায় আড়াই হাজার পয়েন্ট বাড়তি যুক্ত হয়েছে, যা এখনো বিদ্যমান। কমিটির হিসাবে, ২০১০ সালের ৩০ ডিসেম্বর ডিএসইর সাধারণ মূল্যসূচক ছিল আট হাজার ২৯০ পয়েন্ট। যদি সূচক পরিমাপজনিত অসংগতি না থাকত, তাহলে ওই তারিখে মূল্যসূচকের প্রকৃত অবস্থান দাঁড়াত পাঁচ হাজার ৭৪২ পয়েন্টে। কমিটির মতে, দীর্ঘদিন ধরে এই ভুল চলে এলেও ২০০৯ সালের ১৬ নভেম্বর গ্রামীণফোনের তালিকাভুক্তির পর সূচকের বড় ধরনের উল্লম্ফন বা পরিবর্তন হলে বিষয়টি নজরে আসে। গ্রামীণফোনের কারণেই ডিএসই সাধারণ মূল্যসূচকে যোগ হয় ৭০০-এর বেশি পয়েন্ট। সেই সময় কোম্পানির শেয়ারের দাম এক টাকা বাড়লে ডিএসইর সূচক বাড়ত প্রায় চার পয়েন্টের মতো। এ নিয়ে বিতর্ক দেখা দিলে এসইসির অনুমোদন ছাড়াই এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে অবহিত না করেই ২০১০ সালের ১ জুলাই থেকে সূচক পরিমাপে পরিবর্তন আনে ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। গোপনে সূচক পরিবর্তনের বিষয়টি নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হলে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা এসইসির কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করে। ওই সময়ের পর থেকে নতুন তালিকাভুক্তসহ বিভিন্ন কোম্পানির কেবল লেনদেনযোগ্য (ফ্রি ফ্লোট) শেয়ার সূচক গণনায় হিসাবে ধরা হচ্ছে। উদ্যোক্তাদের বা ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ দেওয়া যেসব শেয়ার সাময়িকভাবে বিক্রি নিষিদ্ধ (লক-ইন) রয়েছে, তা সূচক গণনায় বিবেচনায় নেওয়া হচ্ছে না। পুঁজিবাজারের নিয়মানুযায়ী, তালিকাভুক্তির অনুমোদন পাওয়ার তিন বছর পর্যন্ত উদ্যোক্তাদের শেয়ার বিক্রি নিষিদ্ধ থাকে। আর প্লেসমেন্টের মাধ্যমে বরাদ্দ পাওয়া শেয়ার বিক্রি নিষিদ্ধ থাকে এক বছর পর্যন্ত। ২০১০ সালের ১ জুলাই থেকে ফ্রি-ফ্লোট পদ্ধতিতে সূচক গণনা করা হলেও অতীতের অসংগতিগুলো সূচক থেকে বাদ দেওয়া হয়নি। বিশেষজ্ঞ কমিটি সূচক অসংগতির বিষয়টি তুলে ধরে তা সমন্বয়ে তিনটি সুপারিশ করেছে। যেমন, অন্তত ২০০০ সাল থেকে সূচক সংশোধনের মাধ্যমে অতীতের অসংগতি দূর করা, ফ্রি-ফ্লোট পদ্ধতিতে বাজার মূলধনকে ভিত্তি ধরে নতুন সূচক প্রতিস্থাপন এবং ২০১১ সালের ১ জানুয়ারি থেকে সম্পূর্ণ নতুন সূচক চালু। যোগাযোগ করা হলে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘কমিটির একটি প্রতিবেদন আমরা পেয়েছি। সেটি নিয়ে আমরা কাজ করছি। এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ঈদের পর সূচক সমন্বয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ডিএসই ঊর্ধ্বতন সহসভাপতি আহসানুল ইসলাম অবশ্য এখনো মনে করেন, ‘সূচক গণনায় আমাদের কোনো ভুল নেই। কেননা, অতীতের ধারাবাহিকতা মেনেই সূচক গণনা করা হয়।’ তিনি জানান, এসইসি যেভাবে বলবে সেভাবে সূচক সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে। সম্প্রতি এসইসিতে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির সভায়ও ডিএসইর সূচক পুনর্বিন্যাসের পরামর্শ দেওয়া হয়।