মূল্যস্ফীতি, সুদের হার ও টাকার মান হ্রাস দুশ্চিন্তার বড় কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, চলতি অর্থবছরের শুরুর দিকে অর্থনৈতিক স্থিতিশীলতায় যেসব দুর্বলতা প্রকাশ পেয়েছিল, বছরান্তে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষ করে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, ব্যাংকঋণের সুদের উচ্চ হার এবং ডলারের তুলনায় টাকার মান কমে যাওয়া বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।সিপিডি এর পেছনে বৈশ্বিক বৈরী অর্থনীতি, অর্থনৈতিক ব্যবস্থাপনার নীতি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সমন্বয়হীনতাকে দায়ী করেছে।গতকাল শনিবার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ‘২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি’ এবং ‘২০১১-১২ অর্থবছরের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সংবাদ সম্মেলনে সিপিডি এসব কথা বলেছে। সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালক ফাহমিদা খাতুন, সিনিয়র রিসার্চ ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম, সংলাপ বিভাগের প্রধান আনিসাতুল ফাতেমা ইউসুফসহ অন্য গবেষকেরা এ সময় উপস্থিত ছিলেন।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সামষ্টিক অর্থনীতিতে বিকাশমান যে সমস্যা ও সংকটগুলো বর্তমানে আছে, আগামী অর্থবছরে আরও ঘনীভূত না হলেও তা রয়েই যাবে। আর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার যে চিড় ধরেছে, ভবিষ্যতে তাকে অগ্রাহ্য করা নীতি-নির্ধারকদের জন্য ঠিক হবে না। বরং আগামী অর্থবছরের অর্থনৈতিক ব্যবস্থাপনায় উৎকর্ষ আনতে চলতি অর্থবছরের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।দেবপ্রিয় আরও বলেন, রাজস্ব নীতি, মুদ্রানীতি ও বহিঃ খাত—সবই চাপের মধ্যে রয়েছে। তার অন্যতম প্রমাণ হলো বর্তমানের মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের উচ্চ হার ও টাকার মান কমে যাওয়া।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চলতি অর্থবছরে রাজনৈতিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল ছিল। আগামীবার তা সাংঘর্ষিক হয়ে ওঠার আশঙ্কা সৃষ্টি হয়েছে। সরকারের শান্তিতে থাকার দরকার হলেও আগামী বছরটি অনেক জটিলতার মধ্য দিয়ে যাবে। রাজনৈতিক বিচক্ষণতার মাধ্যমে উন্নয়নের পরিবেশ রক্ষা করে নির্বাচনী ইশতেহার অনুযায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।চলতি অর্থবছরের সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণের পাশাপাশি আগামী অর্থবছরের জন্য ১৩টি শিক্ষা ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছে সিপিডি। এগুলো হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, চাহিদার সামঞ্জস্য বিধান, গুণমানসম্পন্ন প্রবৃদ্ধি, বিনিয়োগের জন্য অর্থায়ন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ, পুঁজিবাজার, রাজস্ব আদায়, সুদের হার, বৈদেশিক লেনদেনের ভারসাম্য, মুদ্রার বিনিময় হার, উন্নয়ন প্রশাসন এবং সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনার মান ঠিক রাখা।মূল্যস্ফীতি: সিপিডি বলেছে, বাংলাদেশের বর্তমান মূল্যস্ফীতি দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশের মধ্যে বেশি। তবে উচ্চ মূল্যস্ফীতির উৎস হলো উচ্চ খাদ্য মূল্যস্ফীতি। ড. দেবপ্রিয় এ প্রসঙ্গে বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একক কোনো জাদুমন্ত্র নেই। এ জন্য দরকার অর্থনৈতিক নীতি-কৌশলগুলোকে দূরদর্শিতা ও দক্ষতার সঙ্গে ব্যবহার এবং টাকার মূল্যমান ধরে রাখা। একই সঙ্গে মুদ্রার সরবরাহকে লক্ষ্যমাত্রার মধ্যে সীমিত রাখা। তবে মনে রাখতে হবে, খাদ্যের সরবরাহ নিশ্চিত করলেই হবে না, স্বল্প ও মধ্য আয়ের জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা বাড়াতে কর্মসংস্থানের ব্যবস্থা করা গুরুত্বপূর্ণ।দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘চলতি অর্থবছরের অভিজ্ঞতা থেকে স্পষ্ট যে খাদ্যোৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, খোলাবাজারে খাদ্যদ্রব্য বিক্রয় (ওএমএস), খাদ্য মজুদ বৃদ্ধি ইত্যাদি পদক্ষেপই মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট নয়।’বিনিয়োগের জন্য অর্থায়ন: সিপিডি বলেছে, দেশের উন্নয়ন চাহিদা পূরণ করা হচ্ছে শুধু অভ্যন্তরীণ সম্পদ দিয়ে। এর মধ্যে রয়েছে উদ্বৃত্ত রাজস্ব, ব্যাংকঋণ, ব্যাংক-বহির্ভূত উৎস থেকে ঋণ এবং বাজার থেকে নেওয়া মূলধন। বৈদেশিক অনুদান ব্যয় করতে না পারা এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে না পারা এক বড় সংকট। ফলে একদিকে তারল্য সংকট সৃষ্টি হয়েছে, অন্যদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ব্যাহত হচ্ছে।এ বিষয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এ ধারা দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। আগামী বছর তাই রেয়াতি শর্তে বৈদেশিক সাহায্য আহরণ এবং এফডিআই বাড়ানোতে জোর দিতে হবে। বিদেশি সাহায্য ও এডিপি বাস্তবায়নে একটি টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়ে দেবপ্রিয় বলেন, শেষ তিন মাসে এডিপির ৪৮ শতাংশ বাস্তবায়ন করতে হলে অনুমান করা যায়, এতে কী ধরনের খরচ হয়।দেবপ্রিয় বলেন, সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) এখনো সোনার হরিণ হিসেবেই রয়ে গেছে। এর কারণ উন্নয়ন প্রশাসনে অনুন্নতি। বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) উন্নয়ন সংযোগের সঙ্গে কাজে লাগানোর ক্ষেত্রেও ঘাটতি রয়েছে।রাজস্ব ব্যবস্থাপনা ও বাজেট ঘাটতি: সিপিডি বলেছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জনগণের কাছ থেকে রাজস্ব আদায়ে সাফল্য দেখাতে পেরেছে। কিন্তু এনবিআর-বহির্ভূত কর এবং কর-বহির্ভূত রাজস্ব আদায় পরিস্থিতির কোনো উন্নতি নেই। সরকারের হাতে থাকা সম্পদের কোনো সদ্ব্যবহার নেই। ভবিষ্যতে এ ব্যাপারে জোর দিতে হবে। সরকারি সেবার মূল্য যৌক্তিকীকরণ করতে হবে। সরকারি সম্পদ ইজারা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি কমাতে হবে। বাড়াতে হবে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের দক্ষতা।সিপিডির মতে, সরকারি ব্যয় বাড়ছে বলে বাজেট ঘাটতিও বাড়ছে। অন্যদিকে বাড়ছে ভর্তুকি। বিস্ময়কর যে, ভর্তুকির আকার এখন মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চার শতাংশ।বিদ্যুৎ ও জ্বালানি: সিপিডি বলেছে, কুইক রেন্টাল বিদ্যুৎ উৎপাদন চুক্তিগুলো বাস্তবায়ন দীর্ঘায়িত হচ্ছে। আবার যেগুলো আছে, সেগুলোরও ব্যবহার হচ্ছে না। দুঃখজনক যে, বৃহৎ কোনো বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে তোলা হয়নি, আবার পুরোনো কেন্দ্রগুলো আধুনিক করা হয়নি।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘চুক্তি দ্রুততার সঙ্গে বাস্তবায়িত না হলে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র পাওয়া যাবে, কিন্তু বিদ্যুৎ পাওয়া যাবে না।’বিদ্যুৎ উৎপাদনের মূল বাধা জ্বালানি খাতেরও কোনো দৃশ্যমান উন্নতি হয়নি বলে উল্লেখ করেছে সিপিডি। বলেছে, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান এবং দেশজ কয়লা উত্তোলনের বিষয়টি নিষ্পত্তি না হলে বিদ্যুৎ খাতের উন্নয়নও গতিশীলতা পাবে না।বিদ্যুৎ ও জ্বালানিসহ সব ধরনের ভর্তুকির বিষয়ে দেবপ্রিয় বলেন, ‘সিপিডি ভালো ভর্তুকির পক্ষে সব সময়। কিন্তু সরকার কতখানি ভর্তুকি দিতে পারবে, তা নির্ভর করবে সরকারের আর্থিক সামর্থ্যের ওপর। সামর্থ্যের বাইরে ভর্তুকি দিলে তা আবার নৈরাজ্য সৃষ্টি করতে পারে।’আর্থিক খাত ও পুঁজিবাজার: দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে সুসংগঠিত ও পরিকল্পিত ব্যাংক খাত গড়ে ওঠেনি এবং ব্যাংক খাতের আয় এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। আর আর্থিক খাত ও পুঁজিবাজার এমনভাবে প্যাঁচ খেয়ে গিয়েছিল, অবশ্যই এতে দেখভালের অভাব ছিল। পুঁজিবাজারে বিনিয়োগ থেকে ব্যাংকের বিপুল মুনাফা কেন্দ্রীয় ব্যাংকের দেখভালকারী দুর্বলতার দিকেই ইঙ্গিত দেয় এবং আগামী অর্থবছরে একটি প্রতিযোগিতামূলক আর্থিক খাত গড়ে তুলতে হলে ব্যাংকগুলোর বিধি পরিপালনের প্রতি জোর দিতে হবে।সিপিডি মনে করে, ঋণের সুদের হার বেঁধে দিয়ে ও আমানতের সুদের হার কমিয়ে আর্থিক ব্যবস্থাপনার ভিত মজবুত করা যাবে না।দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগামী অর্থবছরেও লেনদেনের ভারসাম্য চাপের মুখে থাকবে। তাই বৈদেশিক মুদ্রার মজুদ ব্যবহারের খুব বেশি সুযোগ নেই। তবে দক্ষ মুদ্রা বিনিময়হারের ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।তৈরি পোশাক খাতে সারা জীবন ভর্তুকি দিয়ে যাওয়ার বিরোধিতা করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এর যৌক্তিকীকরণের দরকার রয়েছে।’১৯৯০ সালের পর থেকে সামষ্টিক অর্থনৈতিক সূচককে কীভাবে মূল্যায়ন করা হবে, এ প্রসঙ্গে দেবপ্রিয় বলেন, ‘এ সূচকগুলো অনেক দুর্বল। গত কয়েক বছরে এত চাপ লক্ষ করা যায়নি। বৈরী বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি অভ্যন্তরীণ খাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ায় সমন্বয়হীনতা রয়েছে।’