মূল্যস্ফীতি উদ্বেগজনক নয়: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতির হার বৃদ্ধির বিষয়টি স্বীকার করলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই হারকে উদ্বেগজনক নয় বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, এটি জনগণের জন্য বড় ধরনের উদ্বেগের বিষয়ও নয়।অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে আগামী দুই থেকে তিন বছরে ১০০ কোটি ডলার ঋণ-সহায়তা দিতে পারে। এ জন্য তেমন কোনো সুদ আরোপ করা হবে না। দ্বিতীয় পর্যায়ের দারিদ্র্য হ্রাসের কৌশল (পিআরএস-২) বাস্তবায়নের জন্য এই ঋণ-সহায়তা মিলছে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ সোমবার এসব কথা জানিয়েছেন। আইএমএফের একটি প্রতিনিধিদলের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।মূল্যস্ফীতি: ২০০৯-১০ অর্থবছরে মূল্যস্ফীতির বার্ষিক গড় হার ৭ দশমিক ৩১ শতাংশে উন্নীত হয়েছে, যেখানে ২০০৮-০৯ অর্থবছরে এই হার ছিল ৬ দশমিক ৬৬ শতাংশ। তবে গত অর্থবছর সরকার মূল্যস্ফীতির হার সাড়ে ছয় শতাংশের মধ্যে সীমিত রাখার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিল।এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি উদ্বেগজনক নয়। হ্যাঁ, এটা ঠিক যে, মূল্যস্ফীতির হার বেড়েছে। তবে তা হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে।’অর্থমন্ত্রী আরও বলেন, মূল্যস্ফীতি প্রশমনের জন্য সরকার সবকিছুই করছে। আইএমএফের সঙ্গে বৈঠক: আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক অনুপ সিংয়ের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও ছিলেন আইএমএফ মিশনপ্রধান ডেভিড কাউয়ার এবং বাংলাদেশে আইএমএফের আবাসিক প্রধান এতেরি কিনত্রাজে।অর্থমন্ত্রী জানান, সরকার পিআরএসের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন এ বছরই শুরু করেছে। পিআরএস বাস্তবায়নে সহায়তা দিতে আইএমএফের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রস্তাব যাচাই করতে আইএমএফ প্রতিনিধিরা বাংলাদেশে এসেছে। তারা এখনই কিছু জানায়নি। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তারা ১০০ কোটি ডলার সহায়তা দেবে বলে ইঙ্গিত দিয়েছে। তবে সহায়তা সম্পর্কে সিদ্ধান্ত ডিসেম্বর বা জানুয়ারিতে চূড়ান্ত হবে।অর্থমন্ত্রী আরও বলেন, ‘এই সহায়তার অর্থ আমরা কৃষি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সড়ক নির্মাণসহ যেকোনো কাজে ব্যবহার করতে পারব।’ দ্বিতীয় পিআরএস বাস্তবায়নে ৬০০ কোটি ডলার সম্পদের ঘাটতি রয়েছে, যার ১০০ কোটি ডলার আইএমএফ থেকে আশা করছে সরকার। এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের জন্যও আইএমএফের কাছে সহায়তা চাওয়া হয়েছে।