মূল্যস্ফীতি কিছুটা কমেছে
দেশের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে। চলতি বছরের মার্চে মাসওয়ারি ভিত্তিতে মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৭১ শতাংশ হয়েছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৭ দশমিক ৮৪ শতাংশ।২০০৫-০৬ সালকে ভিত্তি বছর ধরে এই হিসাব করা হয়েছে। আবার ১৯৯৫-৯৬ সালকে ভিত্তি বছর ধরলেও মূল্যস্ফীতি কমেছে। এই হিসাবে মার্চে মূল্যস্ফীতি কমে ৭ দশমিক ৭৪ শতাংশ হয়, যা গত ফেব্রুয়ারিতে ছিল ৭ দশমিক ৮৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির হালনাগাদ এসব তথ্য প্রকাশ করে। রাজধানীর শেরেবাংলা নগরে পরিসংখ্যান ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংস্থাটির উপমহাপরিচালক মিজানুর রহমান, পরিচালক সত্যরঞ্জন মণ্ডল ও যুগ্ম পরিচালক আবুল কালাম আজাদ।বিবিএস জানায়, গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির হার বেশি লক্ষ করা গেছে। যেমন ২০০৫-০৬ সালকে ভিত্তি বছর ধরে মার্চে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৮০ শতাংশ। আর গ্রামে এই হার ছিল ৭ দশমিক ১৬ শতাংশ। আবার আগের ভিত্তি বছর ধরে শহর ও গ্রামের মূল্যস্ফীতির হার হচ্ছে যথাক্রমে ৮ দশমিক ৪৬ ও ৭ দশমিক ৪৬ শতাংশ।মূল্যস্ফীতি হ্রাস-বৃদ্ধির কারণ পর্যালোচনা করে বিবিএস জানায়, মাসওয়ারি ফেব্রুয়ারির চেয়ে মার্চে খাদ্যসামগ্রী উপখাতে মূল্যস্ফীতি দশমিক শূন্য ২ শতাংশ বেড়েছে। চাল, মাছ, মাংস, দুধ, চাসহ অন্যান্য খাদ্যসামগ্রীর দাম বাড়ার কারণে এটি হয়েছে। আবার খাদ্যবহির্ভূত উপখাতে মূল্যস্ফীতি হয়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ। কাপড়চোপড়, বাড়িভাড়া, আসবাব, গৃহস্থালি, পরিবহন, শিক্ষা উপকরণ ও সেবা খাতের ব্যয় বাড়ার কারণেই এই মূল্যস্ফীতি। ২০০৫-০৬ সালকে ভিত্তি বছর ধরে মার্চ শেষে বার্ষিক (এপ্রিল ’১২-মার্চ ’১৩) গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ শতাংশ। আর গত বছরের মার্চে (এপ্রিল ’১১-মার্চ ’১২) এই হার ছিল ১০ দশমিক ১৫ শতাংশ। তবে আগের ভিত্তি বছর ধরলে, চলতি বছরের মার্চ শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৮ শতাংশ। আর গত বছরের মার্চে এই হার ছিল ১০ দশমিক ৯২ শতাংশ। অন্যদিকে গত ফেব্রুয়ারি ও মার্চে জাতীয় পর্যায়ে মজুরির হার সূচক যথাক্রমে সাত হাজার ৫৩১ ও সাত হাজার ৫৯৯। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে এই দুই মাসে মজুরি বৃদ্ধির হার ১৪ দশমিক ১৯ ও ১৪ দশমিক ৪৫ শতাংশ। বিবিএস বলছে, মূল্যস্ফীতির তুলনায় দেশে মজুরির হার বেড়েছে।