মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই নতুন বাজেটের বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্প আয়ের চাকরি করেন কামরুজ্জামান। বাজেটের পরিসংখ্যান নিয়ে মাথা ঘামান না। তাঁর একটাই জিজ্ঞাসা, চাল-ডাল আর তেলের দাম কি কমবে?আগামী ১০ জুন অর্থমন্ত্রী এ এম এ মুহিত নতুন অর্থবছরের জন্য যে বাজেট দেবেন, সেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে বড় চ্যালেঞ্জ। বিদ্যুতের ঘাটতি মিটিয়ে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি অর্থমন্ত্রীকে এই চ্যালেঞ্জই সবচেয়ে বেশি মোকাবিলা করতে হবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। নিত্যপণ্যের দর নিয়ে এখন সীমিত আয়ের সাধারণ মানুষ সারা বছরই উদ্বেগে থাকে। বাজেট এই উদ্বেগ আরেকটু বাড়িয়ে দেয়। নতুন তথ্য হলো, আগামী বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হতে পারে। চলতি অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশ হবে বলে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছিলেন।সর্বশেষ গত মার্চে মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৭৮ শতাংশ। এর মধ্যে খাদ্যসূচকে মূল্যস্ফীতি ১০ দশমিক ৮ শতাংশ এবং খাদ্যবহির্ভূত সূচকে ৫ দশমিক ৬ শতাংশ। আবার শহরাঞ্চলে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৮১ শতাংশ এবং গ্রামে ৮ দশমিক ৭০ শতাংশ। এর অর্থ হচ্ছে, আগে ১০০ টাকায় যে পণ্য পাওয়া যেত, এখন সেই পণ্য কিনতে ব্যয় হচ্ছে প্রায় ১০৯ টাকা। সীমিত আয়ের মানুষের এই নয় টাকা আয় না বাড়লে তাকে এখন নয় টাকার পণ্য কম কিনতে হচ্ছে।সরকারি হিসাবেই, দেশের মানুষ তাদের আয়ের ৫৩ দশমিক ৮ শতাংশ অর্থ খরচ করে খাদ্যদ্রব্য কিনতে। আর গ্রামের মানুষ খরচ করে আরও বেশি, ৫৮ দশমিক ৫ শতাংশ। ফলে খাদ্যসূচকে মূল্যস্ফীতির চাপ বাড়া মানেই প্রকৃত আয় আরও কমে যাওয়া। চালসহ খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি মানুষের কেনার সামর্থ্য কমিয়ে দেয়, কমে যায় ভোগ। অর্থনীতিবিদেরা সাধারণভাবে মনে করেন, মূল্যস্ফীতি ১০ শতাংশ ছাড়িয়ে না গেলে তা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। বরং অল্প মূল্যস্ফীতি অর্থনীতির জন্য ভালো, উৎপাদন বাড়াতে উৎসাহ দেয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল অবশ্য মনে করে, উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত মূল্যস্ফীতি ৭ শতাংশ ছাড়িয়ে গেলে সেটাই বিপজ্জনক। কেননা তা প্রবৃদ্ধি কমিয়ে দেয় এবং দরিদ্রদের ক্ষতিগ্রস্ত করে। মূল্যস্ফীতি আয়ের বৈষম্য বাড়ায়। কেননা, উচ্চ মূল্যস্ফীতিতে দরিদ্রদের জীবন ধারণের সামর্থ্য কমে যায়, ভোগও কমে। সে তুলনায় ধনীদের কোনো সমস্যা তৈরি করে না।তত্ত্বগতভাবেও মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির ঘাতক। মূল্যস্ফীতিকে এক ধরনের পরোক্ষ করও বলা হয়ে থাকে। কেননা, উচ্চ মূল্যস্ফীতি হলে বাড়তি অর্থ খরচ করতে হয়। অর্থমন্ত্রী আগামী ১০ জুন যে বাজেট উপস্থাপন করবেন, তাতে কর বাড়ানোর বড় কোনো পদক্ষেপ থাকছে না। নিত্যপণ্যের আমদানিতেও শুল্ক আরোপ হবে না। তবে, কর না বাড়ালেও মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রণহীন থাকে, তাহলে তা পরোক্ষ কর হয়েই থাকবে। পার্থক্য হলো, প্রত্যক্ষ কর দিতে হয় সামর্থ্যবানদের, আর মূল্যস্ফীতিজনিত কর দিতে হবে দরিদ্রদের বেশি। নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধকে। বলা ছিল, দ্রব্যমূল্যের দুঃসহ চাপ প্রশমনের লক্ষ্যে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হবে। দেশজ উৎপাদন বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সময়মতো আমদানির সুবন্দোবস্ত, বাজার পর্যবেক্ষণসহ বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হবে। মজুদদারি ও মুনাফাখোরি সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে, চাঁদাবাজি বন্ধ করা হবে। ‘ভোক্তাদের স্বার্থে ভোগ্যপণ্য মূল্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ গড়ে তোলা হবে। সর্বোপরি সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করে দ্রব্যমূল্য কমানো হবে ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা হবে।আবার, চলতি বাজেট বক্তৃতায়ও অর্থমন্ত্রী বলেছিলেন, ‘প্রয়োজনে আমরা নিত্যপণ্যদ্রব্যের বাজারে হস্তক্ষেপ করব। বৈদেশিক সূত্রে সরবরাহ বৃদ্ধি করব এবং বাজারে প্রতিযোগিতার পরিবেশ ধরে রাখব।’গত প্রায় এক বছরে নির্বাচনী ইশতেহার বা অর্থমন্ত্রীর বাজেট প্রতিশ্রুতির খুব একটা প্রতিফলন বাজারে দেখা যায়নি। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবেই, গত এক বছরে চালের দাম বেড়েছে মানভেদে ১৮ থেকে ৩২ শতাংশ পর্যন্ত। এর মধ্যে গরিবের মোটা চালের দাম বেড়েছে ২৩ শতাংশ। আটার দাম বেড়েছে সাড়ে ১২ শতাংশ। সব ধরনের ডাল ও ভোজ্যতেলের দামে সারা বছর ধরে ওঠানামার পর এখন একটু কমেছে। চিনির বাজারও ছিল নিয়ন্ত্রণহীন।এখন পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় বা অন্য কেউ দ্রব্যমূল্যের পরিস্থিতি বিশ্লেষণ করার কোনো কাঠামো দাঁড় করাতে পারেনি। পর্যাপ্ত তথ্যও নেই। সময়মতো নিত্যপণ্য আমদানি হয়নি; চাঁদাবাজি, মজুদদারি বা সিন্ডিকেটও ভাঙা যায়নি। বরং অর্থমন্ত্রী এবার নিজেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সিন্ডিকেটকে দায়ী করেছেন।এ ছাড়া গত এক বছরে গড়ে তোলা হয়নি ভোগ্যপণ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও। গণখাতে ক্রয় আইন (পিপিএ) এবং গণখাতে ক্রয়বিধি (পিপিআর) পরিপালন থেকে টিসিবিকে এক বছরের অব্যাহতি দেওয়া হলেও কাজে লাগাতে পারেনি টিসিবি। স্থানীয় বাজার থেকে সামান্য মসুর ডাল ও চিনি সংগ্রহ ছাড়া টিসিবি কিছুই করতে পারেনি।চলতি অর্থবছরের বাজেটকে অর্থমন্ত্রী বলেছিলেন কিছুটা সম্প্রসারণমুখী। এই সম্প্রসারণমুখী বাজেটও মূল্যস্ফীতি বাড়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে। আগামী অর্থবছরের বাজেট হবে আরও বড়। বিনিয়োগ না বাড়লে এই বড় বাজেট আরেক দফা মূল্যস্ফীতি ঘটাবে বলে আশঙ্কা আছে। পাশাপাশি আগামী অর্থবছরে নতুন বেতনকাঠামো পুরোপুরি বাস্তবায়িত হবে। এ ছাড়া রয়েছে প্রবাসী-আয়। আবার আন্তর্জাতিক পণ্য বাজারও ঊর্ধ্বমুখী হচ্ছে। এসবই মূল্যস্ফীতির চাপকে বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এসব বিবেচনাতেই নতুন অর্থবছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা প্রায় সাত শতাংশ রাখা হচ্ছে বলে জানা গেছে।এ অবস্থায় আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদেরা। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলামের মতে, নানা প্রণোদনা দিয়ে সরকার কৃষির ভালো ফলন নিশ্চিত করতে পারছে কি না, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটাই মূল প্রশ্ন। কেননা, অভ্যন্তরীণ উৎস ও বিদেশ থেকে ঋণ গ্রহণ করলেও তা মূল্যস্ফীতির ওপর তেমন প্রভাব ফেলে না। প্রভাব ফেলতে হলে উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। সাবেক অর্থ উপদেষ্টা আকবর আলি খানও মনে করেন, কেবল প্রবৃদ্ধি ভালো হলেই মূল্যস্ফীতি কমবে না। এই প্রবৃদ্ধির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছানোর কৌশলও নির্ধারণ করতে হবে সরকারকে।তবে, যোগাযোগ করলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রথম আলোকে বলেন, ‘দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে বাজেটের জন্য সরকার বসে নেই। ইতিমধ্যেই টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অবশ্য বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে শুল্কহার বাড়ানো হবে না, এ আশ্বাস পাওয়া গেছে।’