মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় অর্থমন্ত্রীর উদ্বেগ
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মূল্যস্ফীতির কারণে সব অর্থনৈতিক অর্জন ম্লান হয়ে যাচ্ছে। তিনি বলেন, বেশির ভাগ শিল্পের কাঁচামাল আমদানি-নির্ভর হওয়ার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, শুধু বিশ্বে মূল্যস্ফীতি হচ্ছে বলেই বাংলাদেশে মূল্যস্ফীতি হয়নি। দেশের অভ্যন্তরীণ কিছু নীতির কারণেই মূল্যস্ফীতি হয়েছে। তিনি এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে টেকসই প্রবৃদ্ধি বিষয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ‘মূল্যস্ফীতির পেছনের কারণ: স্থিতিশীল প্রবৃদ্ধি কার্যকর উন্নয়নের জন্যে বিকল্প নীতি ও কাঠামো’ বিষয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। চার দিন ধরে এটি চলবে। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়েছে। ওই প্রতিবেদনে অর্থমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংক ও জাতি সংঘ যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করেছে। অর্থমন্ত্রী বলেন, বাজেট প্রস্তুতির সময় জিডিপির ২.৭ শতাংশ ভর্তুকি ধরা হয়েছিল। কিন্তু এ ভর্তুকির হার বেড়েছে। ভর্তুকির হার বেড়ে যাওয়ায় অর্থমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা মুদ্রা ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করবে। সেমিনারে জাতি সংঘের আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার, অধ্যাপক জন লাক্সলি, জাতিসংঘ কর্মকর্তা আয়নুল হাসান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী বক্তব্য দেন।