মূল্যস্ফীতি রোধে জোর দিতে হবে কর্মসংস্থানে: সিপিডি
খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে উঠেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুধু খাদ্যের সরবরাহ বাড়ানোই যথেষ্ট নয়, কর্মসংস্থান ও আয়ের দিকেও নজর দিতে হবে এবং বিনিয়োগ সচল রাখতে হবে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।মূল্যস্ফীতি প্রশমনের কোনো জাদুমন্ত্র নেই উল্লেখ করে সিপিডি আরও বলছে, অর্থ সংগ্রহের পাশাপাশি সঠিকভাবে ব্যয় করা না গেলে তা আবার মূল্যস্ফীতিকে উসকে দেয়।সিপিডির মতে, মূল্যস্ফীতিজনিত চাপের পাশাপাশি বিনিয়োগপ্রবাহে যেমন কোনো গতি নেই, তেমনি বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতিও শ্লথ। এদিকে, শেয়ারবাজারের সাম্প্রতিক অবস্থা পুরো অর্থনীতিজুড়েই নেতিবাচক প্রবণতা তৈরির আশঙ্কা সৃষ্টি করেছে।এমন বাস্তবতায় আগামী ২০১১-১২ অর্থবছরে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধি ধরে রাখাটাকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছে সিপিডি। গতকাল মঙ্গলবার সিপিডির কার্যালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০১১-১২’ শীর্ষক প্রস্তাবনা তুলে ধরতে গিয়ে এসব কথা বলা হয়েছে। এতে সিপিডির পক্ষ থেকে অর্থনীতির নানা দিক ও আগামী বাজেটের জন্য প্রস্তাব তুলে ধরেন সংস্থাটির গবেষণা বিভাগের প্রধান ফাহমিদা খাতুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, জ্যেষ্ঠ গবেষণা ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ।অর্থনীতির বর্তমান ইতিবাচক দিক সম্পর্কে সিপিডি বলেছে, এ বছরের রাজস্ব আদায় পরিস্থিতি ভালো। আশাব্যঞ্জক রপ্তানি প্রবৃদ্ধির পাশাপাশি বাম্পার খাদ্য উৎপাদিত হয়েছে। বাজেট ঘাটতি পাঁচ শতাংশের মধ্যেই থাকবে। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সঙ্গে রাজস্ব আদায়ের অনুপাতও এ বছর খারাপ নয়। বরং যতখানি মূল্যস্ফীতি হতে পারত, অভ্যন্তরীণ অর্থনীতি ভালো থাকায় তার তুলনায় কম হয়েছে।এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভোক্তার দিক থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি ঠেকাতে হবে। কিন্তু উৎপাদক বা কৃষক যাতে তার পণ্যের দাম পায়, সেটিও খেয়াল রাখতে হবে। দাম না পেলে কৃষক উৎপাদন কমিয়ে দেবে, যা আরও ক্ষতিকর হতে পারে।’সিপিডি মূল্য সংযোজন কর (মূসক) আইন প্রণয়নের প্রস্তুতিকে সরকারের একটি শুভ উদ্যোগ বলে অভিহিত করে। তবে আইনটি বাস্তবায়ন করতে অধিকসংখ্যক মানবসম্পদ নিয়োগ দেওয়ার দরকার বলে মনে করে সিপিডি। মধ্যম ও বড় প্রতিষ্ঠান থেকে মূসক আদায়ের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) চালু করতে হবে।সিপিডির মতে, ২০১২ সালে যে আয়কর আইন করা হবে, সেখানে প্রত্যক্ষ করকে সুনির্দিষ্ট করতে হবে। কারণ, এ ব্যাপারে বর্তমানে বিভ্রান্তি রয়েছে। সম্পত্তি করকে সময়ের দাবি উল্লেখ করে সংস্থাটি বলেছে, জমি ও আবাসন গুটিকয় মানুষের হাতে থাকবে, তা হতে পারে না।এ প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ভবিষ্যতে সরকারের সম্পত্তির ওপর কর বাড়ানোর দিকে নজর দিতে হবে। সবকিছু বাড়ার এই যুগে টোল, লেভি ইত্যাদি কমে যাচ্ছে।দেবপ্রিয় আরও বলেন, অবৈধ, অঘোষিত আয় বা কালো টাকা সাদা করার সুযোগকে কোনো অবস্থায়ই নৈতিক সমর্থন দেওয়া যায় না। এডিপি-বহির্ভূত ব্যয়ে স্বচ্ছতার অভাব দেখা যায় বলে উল্লেখ করেন তিনি।বাজেট প্রস্তাব: ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়ের সীমা সাধারণভাবে দুই লাখ, নারীদের জন্য দুই লাখ ২০ হাজার, প্রতিবন্ধীদের ক্ষেত্রে দুই লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করেছে সিপিডি।শেয়ারবাজারে লেনদেনের স্বচ্ছতার স্বার্থে বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবধারীদের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকাকে বাধ্যতামূলক করা এবং এক বছরের কম বা স্বল্প মেয়াদের বিনিয়োগ থেকে নামমাত্র হলেও অগ্রিম কর কেটে রাখার বিষয়টি চিন্তা করার পরামর্শ দিয়েছে সিপিডি।বাজেটে করবিষয়ক নীতিমালা দেওয়া হলেও পরবর্তী সময়ে এসআরও দিয়ে তা পরিবর্তন করা হয়। এ কথা উল্লেখ করে সিপিডি বলেছে, প্রাকৃতিক দুর্যোগ বা বিশেষ পরিস্থিতি ছাড়া এই পরিবর্তন না করাই ভালো।আফ্রিকার কৃষি খাতে বিনিয়োগকে সমর্থন করে সিপিডি এ জন্য অর্থ, কৃষি, বাণিজ্য ও খাদ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়নের জন্য একটি বিশেষ তহবিল গঠনের প্রস্তাব করেছে।উৎপাদন ও রপ্তানির মধ্যে সমন্বয় বজায় রাখতে আলুতে ২০ শতাংশ নগদ সহায়তা দেওয়ার পক্ষে সিপিডি।গবাদিপশুর ওষুধ, ভোজ্যতেল ও ইন্টারনেট-সেবার ওপর মূসক প্রত্যাহারের সুপারিশ করেছে সিপিডি। বলেছে, চামড়া, কৃষিভিত্তিক শিল্পের মূলধনি যন্ত্রপাতি আমদানিতে শুল্ক কমানো দরকার।এ বছরের ৩০ জুন কর অবকাশ সুযোগ শেষ হয়ে যাবে—এই তথ্য উল্লেখ করে সিপিডির প্রস্তাবে এক শতাংশ হারে কর দিয়ে হলেও আগামী কয়েক বছরের জন্য সুযোগটি অব্যাহত রাখার কথা বলা হয়েছে। হালকা প্রকৌশল, মেলামাইন ও ইলেকট্রনিকসকে বাংলাদেশ ব্যাংকের সমমূলধন তহবিলের (ইইএফ) আওতায় আনার পরামর্শ দেয় সিপিডি।পাট খাতের জন্য বিশেষ একটি তহবিল, পর্যটন খাতকে পিপিপির মাধ্যমে অর্থায়ন, ‘এক্সক্লুসিভ পর্যটন অঞ্চল’ গঠন এবং শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়ানোর পক্ষে সিপিডি।সাময়িক পদক্ষেপ হিসেবে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে সমর্থন জানালেও বিদ্যুতে দীর্ঘমেয়াদি প্রকল্প হাতে নেওয়া এবং বর্তমানের কেন্দ্রগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে বলে মনে করে সিপিডি। সিপিডি আরও বলেছে, দেশে প্রাকৃতিক গ্যাস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। বেশি বেশি কূপ খননের জন্য বাপেক্সকে শক্তিশালী করতে হবে। দরিদ্র পরিবারের মেধাবীদের উচ্চশিক্ষার্থে সুদবিহীন ঋণ দেওয়া এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে মানবসম্পদ নিয়োগের প্রস্তাব করেছে সিপিডি।সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) বিষয়ে সিপিডি বলেছে, দেশি-বিদেশিদের কাছে একে আকর্ষণীয় করতে কিছু নীতি-সহায়তা দিতে হবে। বাংলাদেশ অবকাঠামো অর্থায়ন তহবিল কোম্পানি (বিআইএফএফসি) এবং পিপিপির এজেন্ডাকে জাতীয়ভাবে গুরুত্ব দেওয়া উচিত।