মূল্যস্ফীতি ৮ শতাংশ হওয়ার আশঙ্কা এডিবির
চলতি ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। একই সঙ্গে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ৮ শতাংশে উন্নীত হতে পারে বলে মনে করছে এডিবি।আজ বুধবার প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্টে আউটলুক ২০১১ সালের বাংলাদেশ অংশে এ কথা বলা হয়েছে। এ উপলক্ষে ঢাকায় এডিবির আবাসিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এডিবির বাংলাদেশ প্রধান থেবাকুমার কান্দিয়াহ, বিশেষজ্ঞ জাহিদ হোসেন প্রমুখ।এডিবির আউটলুকে বলা হয়েছে, আগের অর্থবছরের চেয়ে জিডিপির প্রবৃদ্ধি কিছুটা বেড়ে চলতি অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে, যা সরকারঘোষিত পূর্বাভাস থেকে কম। সরকার এবার ৬ দশমিক ৭০ শতাংশ হারে প্রবৃদ্ধি আশা করছে। তবে ২০১১-১২ অর্থবছরে প্রবৃদ্ধির হার আরও বেড়ে ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে উল্লেখ করেছে এডিবি।মূল্যস্ফীতি নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর বার্ষিক গড় মূল্যস্ফীতি হতে পারে ৮ শতাংশ, গত বছর যা ছিল ৭ দশমিক ৩০ শতাংশ। আর আগামী অর্থ বছরের মূল্যস্ফীতি আরও খানিকটা বেড়ে সাড়ে ৮ শতাংশে উন্নতি হতে পারে বলে।আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সরবরাহ ব্যবস্থায় চাপ পড়ছে, যা মূল্যস্ফীতির হার বাড়াচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি দিয়েও মূল্যস্ফীতির চাপ সামলানো যাচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।এডিবির কান্ট্রি ডিরেক্টর থেবাকুমার কান্দিয়াহ বলেন, ‘বিনিয়োগ আকৃষ্ট করতে বিদ্যুত্ উত্পাদন বৃদ্ধির জন্য স্বল্পমেয়াদের পরিবর্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। এরই মধ্যে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাড়তি ২০০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের জন্য দেশি-বিদেশি পক্ষগুলোর সঙ্গে সরকার আলোচনা করছে।’জাহিদ হোসেন বলেন, ‘ব্যাংকিং খাতে তারল্যসংকট একটি সাময়িক সমস্যা। এটি অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে না।’ তিনি জানান, মূল্যস্ফীতি বৃদ্ধিজনিত কারণে দরিদ্র মানুষ বিশেষ করে শ্রমিকেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঋণপ্রবাহ বৃদ্ধির বিষয়টি ভারসাম্যমূলক উপায়ে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন তিনি।