মূল্যস্ফীতির আগুনে তেল ঢালল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারে এমনিতেই আগুন। টানা ১০ মাস ধরে মূল্যস্ফীতি ১০ শতাংশের বেশি। এখন সেই বাজারে আবারও জ্বালানি তেল ঢেলে দিল সরকার। বাজারে আগুন এখন আরও জ্বলবে, তাতে পুড়বে সীমিত আয়ের সাধারণ মানুষ।নতুন বছরের শুরুটা ভালো হচ্ছে না। সাধারণ মানুষদের জীবনযাপনে সবচেয়ে বেশি ক্ষতি করে উচ্চ মূল্যস্ফীতি। জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ায় এই মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে।বলা যায়, সরকারের ভুল নীতি আর ব্যবস্থাপনার অদক্ষতার মাশুল দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। ভর্তুকির হিসাব মেলাতে পারছে না সরকার। প্রায় তিন বছর আগে সরকার যদি বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য কত জ্বালানির প্রয়োজন হবে, কত টাকা লাগবে এবং সে টাকা কোথা থেকে আসবে—সেই হিসাব ঠিকঠাকমতো করত, তাহলে অর্থনীতিতে সংকট হয়তো হতো না। ব্যবস্থাপনায় দক্ষতা থাকলে হিসাবটি সঠিক হতো এবং বাস্তবায়নের যোগ্যতা থাকলে তিন বছরে বড় বিদ্যুৎকেন্দ্রগুলো কাজ শুরু করতে পারত। তা না হওয়ায় নির্ভর করতে হয়েছে ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর। এর কারণে ভর্তুকির লক্ষ্যও ঠিক থাকেনি।এদিকে, ব্যবহার করতে না পারায় বৈদেশিক সাহায্য গত দেড় বছরে সামান্যই পেয়েছে বাংলাদেশ। ইউরোপের মন্দায় রপ্তানি আয় কমছে। মধ্যপ্রাচ্যের সংকট কমিয়ে দিচ্ছে প্রবাসী-আয়। এ অবস্থায় সাহায্য পর্যাপ্ত পেলে বৈদেশিক মুদ্রার মজুদে এখনকার মতো টান পড়ত না। টান পড়েছে বলেই ডলারের জোগান কমে গেছে। এর প্রভাবে গত এক বছরে টাকার অবমূল্যায়ন হয়েছে প্রায় ১৬ শতাংশ।ডলারের মূল্য ১৬ শতাংশ বৃদ্ধির অর্থই হলো, আমদানি ব্যয় কম করে হলেও ২৫ শতাংশ বেড়েছে। এমনিতেই সরকারকে আগের তুলনায় দ্বিগুণ পরিমাণে জ্বালানি তেল আমদানি করতে হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। সেই তেল আনতে আবার আগের তুলনায় ২৫ শতাংশ অর্থ বেশি খরচ করতে হচ্ছে। ফলে সরকারের কারণে ডলারের দাম বাড়লেও এর কুফল সরকারকেও ভোগ করতে হচ্ছে।অর্থনীতিতে যে সংকট চলছে তা অবশ্য সরকার দীর্ঘ সময় ধরে স্বীকার করেনি। ইদানীং অর্থমন্ত্রী সংকটের কথা বলছেন। প্রকাশ্যে অর্থনীতির সংকটের কথা স্বীকার না করলেও জ্বালানি তেলের দর বাড়ানোর কারণ বলতে গিয়ে অবশ্য সব কিছুই মেনে নিয়েছে সরকার। যেমন, গত বৃহস্পতিবার রাতে সরকারের দেওয়া তথ্য বিবরণীতে বিদ্যুৎকেন্দ্রের জন্য অতিরিক্ত জ্বালানি তেল আমদানি, টাকার মূল্যমান হ্রাস, আয় থেকে ব্যয় সংকুলান না করতে পারা, বিপুল পরিমাণ ভর্তুকি, ব্যাংকিং খাতে সরকারের অতিরিক্ত ঋণ, ব্যক্তি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়া, সরকারের ব্যাপক লোকসান ইত্যাদির কথা বলা হয়েছে। অর্থাৎ যখন দায় জনগণের ওপর চাপাতে হবে, তখন সংকটের কথা প্রচার করায় কোনো সমস্যা নেই, সমস্যা বাকি সময়ে।দেশের উচ্চ মূল্যস্ফীতির বড় কারণ ছিল খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি। কিন্তু গত সেপ্টেম্বর মাস থেকে খাদ্যসূচকে মূল্যস্ফীতি বাড়া শুরু করেছে। এর বড় কারণ, সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের মূল্য পাঁচ টাকা বৃদ্ধি। এরপর নভেম্বর মাসে আবার বাড়ানো হয় পাঁচ টাকা। আর বৃহস্পতিবার বাড়ানো হলো আরও পাঁচ টাকা। এর অনিবার্য পরিণতি আরও মূল্যস্ফীতি।গত চার মাসের মধ্যে তিনবারে জ্বালানি তেলের দাম বেড়েছে ১৫ টাকা। এতে সাধারণ মানুষের প্রতিদিনের জীবনযাপনের ব্যয় যেমন বাড়বে, তেমনি বাড়বে উদ্যোক্তার উৎপাদনখরচ। পাশাপাশি সামনে বোরো মৌসুম। বাড়বে ধান উৎপাদনের খরচও। ফলে দ্রব্যমূল্য বাড়বে আরেক দফা। তিন বছর আগে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল। অথচ দলটি এখন চার বছরে পদার্পণ করছে উল্টোপথে গিয়ে। সম্ভবত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণকেই সরকার গুরুত্ব বেশি দিল, ইশতেহারের প্রতিশ্রুতি পূরণকে নয়।