মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মূল্যস্ফীতির চাপ বাড়ছেই। এর হার নয় শতাংশ ছাড়িয়ে গেছে। গত ১২ মাসের মধ্যে দেশে মূল্যস্ফীতির হার এখন সর্বোচ্চ।বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল ফেব্রুয়ারি মাসের মূল্যস্ফীতির সূচক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এ হিসাবে মূল্যস্ফীতির হার ৯ দশমিক ০৬ শতাংশ। মূলত খাদ্যপণ্যের দাম বাড়ায় মূল্যস্ফীতির ওপর চাপ বেড়েছে। খাদ্যসূচকে মূল্যস্ফীতি এখন ১০ দশমিক ৯৩ শতাংশ।চলতি ২০০৯-১০ অর্থবছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির গড় লক্ষ্যমাত্রা অর্থমন্ত্রী ঠিক করেছিলেন সাড়ে ছয় শতাংশ। এই লক্ষ্যপূরণ এখন নির্ভর করছে নতুন বোরো ফসলের ওপর। কেননা চালের দামের ওপরই দেশে মূল্যস্ফীতির ওঠানামা বেশি নির্ভর করে।সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত এক বছরে সব ধরনের চালের দাম বেড়েছে ২১ থেকে সাড়ে ৩২ শতাংশ পর্যন্ত। এর মধ্যে মোটা চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি—সাড়ে ৩২ শতাংশ।চলতি অর্থবছর শুরু হয়েছিল ৩ দশমিক ৪৬ শতাংশ মূল্যস্ফীতি নিয়ে। এটি ক্রমশ বাড়তে বাড়তে গত জানুয়ারি মাসে হয় ৮ দশমিক ৯৯ শতাংশ। আর এখন এই হার নয় শতাংশ ছাড়িয়ে গেল। তত্ত্ব অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতি সীমিত আয়ের সাধারণ মানুষের জীবনযাপনের মানকে নিচে নামিয়ে দেয়। কেননা, নয় শতাংশ মূল্যস্ফীতির অর্থ হচ্ছে, আগে যে পণ্য কিনতে ১০০ টাকার প্রয়োজন হতো, সেই একই পণ্য কিনতে এখন ব্যয় হবে ১০৯ টাকা। বাড়তি নয় টাকা আয় না বাড়লে সমপরিমাণ অর্থের পণ্য কম কিনতে হবে। উচ্চ মূল্যস্ফীতি সীমিত আয়ের ও দরিদ্র মানুষকে ক্ষতিগ্রস্ত করে বলে এতে বৈষম্যও বৃদ্ধি পায়।বিবিএসের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে গ্রামের তুলনায় শহরে মূল্যস্ফীতির চাপ বেশি ছিল। এ সময় শহরে মূল্যস্ফীতির হার হয়েছে ৯ দশমিক ২৯ শতাংশ এবং গ্রামে ৮ দশমিক ৯৬ শতাংশ।