মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানো জরুরি: সিপিডি
সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে আগামী দিনগুলোয় মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।প্রতিষ্ঠানটি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার পরিস্থিতির ওপর সরকারের নজরদারি ও খবরদারি চালানোরও পরামর্শ দিয়েছে। সিপিডি মনে করে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির উচ্চ হারে রূপান্তর করতে হলে মূল্যস্ফীতিকে নিম্ন পর্যায়ে রাখা গুরুত্বপূর্ণ।গতকাল সোমবার ঢাকায় সিপিডির কার্যালয়ে ২০০৯-১০ অর্থবছরের অর্ধবার্ষিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা ও আগামী ছয় মাসের চ্যালেঞ্জগুলো সম্পর্কে প্রতিবেদন উপস্থাপনকালে এসব কথা বলা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মূল বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় সিপিডির পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ, গবেষণা বিভাগের প্রধান উত্তম কুমার দেব, গবেষক ফাহমিদা খাতুন, খোন্দকার গোলাম মোয়াজ্জেম প্রমুখ উপস্থিত ছিলেন।মোস্তাফিজুর রহমান বলেন, মূল্যস্ফীতি যেন অর্থনীতির স্থিতিশীলতা বিনষ্ট না করে, সেদিকে লক্ষ রাখতে হবে। আর তাই চলতি অর্থবছরের আগামী মাসগুলোয় মূল্যস্ফীতি ব্যবস্থাপনা হবে একটি গুরুত্বপূর্ণ নীতি চ্যালেঞ্জ।তিনি ব্যাখ্যা করে বলেন, আগামী দিনগুলোয় বিশ্ববাজারে দাম এবং দেশের ভেতর মুদ্রা সরবরাহ বৃদ্ধি ও প্রবাসী-আয়ের উচ্চপ্রবাহ মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করতে পারে। সিপিডির পর্যালোচনায় আরও বলা হয়, ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোয় মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে। এ বছর জুলাই-অক্টোবর সময়কালে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ভারত ও শ্রীলঙ্কার চেয়ে বেশি, তবে পাকিস্তানের চেয়ে কম ছিল। পাকিস্তান ও ভারতের কেন্দ্রীয় ব্যাংকগুলো চলতি অর্থবছর শেষে তাদের দেশগুলোয় মূল্যস্ফীতির গড় হার যথাক্রমে ১১ শতাংশ ও সাড়ে ছয় শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।বোরোর উচ্চ ফলনের ওপর গুরুত্বারোপ করে মোস্তাফিজুর রহমান বলেন, কৃষি খাতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন নির্ভর করছে মূলত বোরো ধানের উত্পাদনের ওপর। এ বছর যেখানে এক কোটি ৭৮ লাখ মেট্রিক টন বোরো উত্পাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, সেখানে তা এক কোটি ৯৩ লাখ হলে বেশ স্বস্তিদায়ক ব্যাপার হবে।সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, সামনের দিনগুলোয় বিশ্ববাজারে চালের উত্পাদন হ্রাস ও দাম বাড়ার আশঙ্কা রয়েছে, যা বাংলাদেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কোনো কারণে বোরোর উত্পাদন ব্যাহত হলে বিশ্ববাজার থেকে চাল আমদানি করে তা সামাল দেওয়া বেশ কঠিন ব্যাপার হবে। এর বদলে এ আমদানি ব্যয় অভ্যন্তরীণ উত্পাদনের কাজে লাগানোই হবে সঠিক পদক্ষেপ।মোস্তাফিজুর রহমান মনে করেন, কৃষি খাতে সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো একদিকে উত্পাদনে উত্পাদকের উত্সাহ ধরে রাখা, অন্যদিকে ভোক্তা পর্যায়ে দাম কমিয়ে রাখা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিবেচনায় এ দাম কমিয়ে রাখাটা বিশেষ গুরুত্বপূর্ণ।এ রকম পরিস্থিতিতে সিপিডি উন্নত বীজসহ কৃষি উপকরণের জোগান নিশ্চিত করা ও উচ্চপ্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে সিপিডি বোরোর সরকারি ক্রয়মূল্য এখনই ঘোষণা করার পরামর্শ দিয়ে বলেছে, প্রতি কেজি ধান ১৫ টাকা ও চাল ২৫ টাকা হতে পারে। সিপিডি শিল্প খাতের উৎপাদনে গতিময়তা আনতে জ্বালানি সংকট নিরসনের দিকে সর্বোচ্চ গুরুত্বারোপের তাগিদ দিয়েছে। এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমান বলেন, দারিদ্র্য নিরসনের সবচেয়ে বড় কৌশল হলো কর্মসংস্থান সৃষ্টি। তবে আগামী দিনগুলোয় বিশ্ববাজার কিছুটা সংকুচিত হওয়ার শঙ্কা যেখানে রয়েছে, সেখানে দেশীয় বাজারে বেশি মনোযোগ দিতে হবে।এ ক্ষেত্রে কৃষির চেয়ে শিল্প ও সেবা খাত অধিকতর কার্যকর ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে জোর দিতে হবে। এ জন্য আবার প্রয়োজন গ্যাস-বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ। তিনি বলেন, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৫০০ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হলেও বাংলাদেশের বিনিয়োগ ও প্রবৃদ্ধির প্রয়োজনীয়তার তুলনায় যথেষ্ট নয়। বিদ্যুত্ খাতে নতুন বিনিয়োগ আকর্ষণের এবং গ্যাস সংকট মোকাবিলায় বাপেক্সকে শক্তিশালী করার সুপারিশ করে মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাংকের বাড়তি তারল্যকে বিনিয়োগে রূপান্তর করতে হবে। আর বিনিয়োগ বৃদ্ধিকে জিডিপি বৃদ্ধিতে রূপান্তর করতে হবে। তিনি বলেন, অর্থবছরে প্রথমার্ধে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা মোটামুটি বজায় ছিল, খাদ্যনিরাপত্তাও অনেকটা নিশ্চিত হয়েছে ও আয়কর আদায় বেড়েছে। তবে সার্বিকভাবে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে আছে। বিশেষ করে ‘অপ্রদর্শিত আয়’ বৈধ করার সুযোগে তেমন সাড়া মেলেনি। মোস্তাফিজুর রহমান বলেন, সরকার এ বছর সাড়ে পাঁচ থেকে ছয় শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নিয়েছে। উল্লিখিত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা গেলে এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব।