মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ সিপিডির
সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে আগামী দিনগুলোয় মূল্যস্ফীতির ওপর নজরদারি ও খবরদারি বাড়ানোর জন্য সরকারকে পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ(সিপিডি)।প্রতিষ্ঠানটি মনে করে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধির উচ্চ হারে রূপান্তর করতে হলে মূল্যস্ফীতিকে নিম্নপর্যায়ে রাখাটা গুরুত্বপূর্ণ।আজ সোমবার সকালে ঢাকায় সিপিডির কার্যালয়ে ২০০৯-১০ অর্থবছরের অর্ধবার্ষিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা এবং আগামী ছয় মাসের চ্যালেঞ্জগুলো সম্পর্কে প্রতিবেদন উপস্থাপনকালে এসব কথা বলা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে মূল বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। এ সময় সিপিডির পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ, গবেষণা বিভাগের প্রধান উত্তম কুমার দেব, গবেষক ফাহমিদা খাতুন, গোলাম মোয়াজ্জেম প্রমুখ উপস্থিত ছিলেন।মোস্তাফিজুর রহমান বলেন, মূল্যস্ফীতি যেন অর্থনীতির স্থিতিশীলতা বিনষ্ট না করে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর তাই চলতি অর্থবছরের আগামী মাসগুলোয় মূল্যস্ফীতি ব্যবস্থাপনা হবে একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।তিনি ব্যাখ্যা করে বলেন, আগামী দিনগুলোয় বিশ্ব বাজারে দাম বৃদ্ধি এবং দেশের ভিতর মুদ্রা সরবরাহ বৃদ্ধি ও প্রবাসী আয়ের উচ্চপ্রবাহ মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করতে পারে। সিপিডির পর্যালোচনায় আরও বলা হয়, ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোয় মূল্যস্ফীতি বাড়তে শুরু করেছে। এ বছর জুলাই-অক্টোবর সময়কালে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ভারত ও শ্রীলঙ্কার চেয়ে বেশি, তবে পাকিস্তানের চেয়ে কম ছিল।পাকিস্তান ও ভারতের কেন্দ্রীয় ব্যাংকগুলো চলতি অর্থবছর শেষে তাদের দেশগুলোয় মূল্যস্ফীতির গড় হার যথাক্রমে ১১ শতাংশ ও সাড়ে ছয় শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।মোস্তাফিজুর রহমান আরও বলেন, ব্যাংকের বাড়তি তারল্যকে বিনিয়োগে রূপান্তর করতে হবে। আর বিনিয়োগ বৃদ্ধিকে জিডিপি বৃদ্ধিতে রূপান্তর করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের বিনিয়োগ ও প্রবৃদ্ধির জন্য যে বিদ্যুৎ প্রয়োজন, তা এখনো উৎপাদিত হচ্ছে না। এদিকে সরকারকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে।