মূল্যস্ফীতির হার ১১.২৯ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জিনিসপত্রের দাম আরেক দফা বেড়েছে। সরকারি হিসাবেও এর প্রমাণ মিলেছে। পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবমতে, আগস্টে মূল্যস্ফীতি (মাসভিত্তিক) হয়েছে ১১ দশমিক ২৯ শতাংশ। গত ৪৩ মাসের মধ্যে এটি সর্বোচ্চ। গত জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৯৬ শতাংশ।এর আগে ২০০৮ সালের জানুয়ারিতে মূল্যস্ফীতি সর্বোচ্চ ১১ দশমিক ৪৩ শতাংশ হয়েছিল।আগস্টের তথ্যে দেখা যাচ্ছে, এবার খাদ্যবহির্ভূত পণ্যেও মূল্যস্তর বাড়ছে। অবশ্য ঈদ থাকায় খাদ্যবহির্ভূত পণ্যের এ দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে। এত দিন খাদ্যপণ্যের দাম বাড়ায় মূল্যস্তর বাড়ছিল। আগস্টে খাদ্যপণ্যে মূল্যস্তর বেড়েছে ১২ দশমিক ৭০ শতাংশ, আর খাদ্যবহির্ভূত পণ্যে হয়েছে ৮ দশমিক ৭৬ শতাংশ। জুলাইয়ে এ হার ছিল খাদ্যে ১৩ দশমিক ৪০ শতাংশ, আর খাদ্যবহির্ভূত পণ্যে ৬ দশমিক ৪৬ শতাংশ।এবার গ্রাম ও শহরের মধ্যে মূল্যস্ফীতির হারের ব্যবধান কমেছে। আগস্টে গ্রামে মূল্যস্ফীতির হার হয়েছে ১১ দশমিক ৩৪ শতাংশ, আর শহরে এ হার ১১ দশমিক ২০ শতাংশ।যোগাযোগ করা হলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে জানান, রোজা ও ঈদের সময় মানুষের কাছে অর্থ বেশি গেছে এবং চাহিদার কারণে পণ্যমূল্যও বৃদ্ধি পেয়েছে। আবার ডলারের দাম বাড়ায় আমদানি-মূল্য বেড়েছে। আন্তর্জাতিক বাজার থেকেও বেশি দামে পণ্য কিনতে হয়েছে। এ ছাড়া জনগণের মধ্যে একধরনের প্রত্যাশাজনিত মূল্যস্ফীতিও হয়েছে। এসব কারণে আগস্টে মূল্যস্ফীতির হার বেড়েছে। মূল্যস্ফীতির উচ্চপ্রবণতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি মত দেন।