মূসক ১৫ শতাংশ প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করযোগ্য সরবরাহ ও আমদানির ক্ষেত্রে মূল্য সংযোজন করের (মূসক) হার ১৫ শতাংশ রেখে আজ রোববার জাতীয় সংসদে মূল্য সংযোজন কর বিল, ২০১২ উত্থাপিত হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিলটি উত্থাপন করেন। এরপর বিলটি এক মাসের মধ্যে যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলের উদ্দেশ্য ও কারণ-সম্পর্কিত বিবৃতিতে বলা হয়েছে, মূল্য সংযোজন কর আইন. ১৯৯১-এ নানা ধরনের বিচ্যুতি আছে। এর মাধ্যমে মানসম্মত মূল্য সংযোজন কর ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব নয়। সে জন্য নতুন আইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রস্তাবিত আইনের ১৮ ধারায় বেশ কিছু ক্ষেত্রে শূন্য হার মূসকের কথা বলা আছে। এগুলো হলো রপ্তানির উদ্দেশ্যে আমদানি করা পণ্য সরবরাহ, চূড়ান্ত রপ্তানির জন্য ব্যাক টু ব্যাক ঋণপত্র, লাইসেন্সধারী শুল্কমুক্ত পণ্য বিক্রেতা কর্তৃক পর্যটক বা বিদেশ থেকে আসা কোনো ব্যক্তির নিকট বাংলাদেশের বাইরে ভোগের জন্য সরবরাহ করা, ফাইন্যান্স লিজের অধীনে কোনো পণ্য সরবরাহ করা ইত্যাদি। বিলের ৭২ ধারায় বলা আছে, মূল্য সংযোজন করের চিফ কমিশনার ও কমিশনার এবং সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেলের মহাপরিচালকের সমন্বয়ে মূল্য সংযোজন কর কর্তৃপক্ষ গঠন করা হবে। এ ছাড়া, আজ দুর্যোগ ব্যবস্থাপনা বিল, ২০১২ সংসদে উত্থাপিত হয়েছে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।প্রস্তাবিত আইনে দুর্গত এলাকায় অবৈধভাবে মুনাফা লাভের জন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ালে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।