মৃত আট সাংসদের টেলিফোন বিল মওকুফের অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের মারা গেছেন এমন আটজন সাংসদের ১১ লাখ ৯০ হাজার ১৪৯ টাকার টেলিফোন বিল মওকুফের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করে।এর আগেও প্রথম থেকে অষ্টম সংসদের মৃত ৬৪ জন সাংসদের এক কোটি এক লাখ চার হাজার ৪৩২ টাকার টেলিফোন বিল মওকুফ করা হয়েছিল। বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, এর পর থেকে মন্ত্রিসভার বৈঠকে আর এ ধরনের প্রস্তাব তুলতে হবে না বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাই এ ধরনের অনুমোদন দেবে। আজ কোন কোন সাংসদের বিল মওকুফ করা হয়েছে বা কত দিন ধরে এই বিল বকেয়া ছিল, সাংবাদিকেরা তা জানতে চাইলে কোনো উত্তর দেননি মন্ত্রিপরিষদের সচিব। আজকের বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন আইন), পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার (সংশোধন) আইন ২০১৩, গ্রাম আদালত আইন ২০১৩-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের সঙ্গে বিদ্যমান দ্বৈতকর পরিহারসংক্রান্ত চুক্তি সংশোধনের জন্য স্বাক্ষরিত অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ থেকে যাঁরা বৃত্তি বা ফেলোশিপ নিয়ে ভারতে পড়তে যাবেন, তাঁরা আয়করমুক্ত থাকবেন। আগে এই মেয়াদ ছিল পাঁচ বছর।