লালমনিরহাটের হাতীবান্ধায় শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত এনকেফালাইটিসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে দুজন কিশোর ও এক শিশু। এ নিয়ে নিপাহ ভাইরাসজনিত মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৯।এদিকে আতঙ্কিত হয়ে অনেকে হাতীবান্ধা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি ‘অনেকটা নিয়ন্ত্রণে’ এবং আতঙ্কের কিছু নেই।নতুন যে তিনজনের মৃত্যু হলো তারা হচ্ছে দক্ষিণ গড্ডিমারী গ্রামের কাজী জাহাঙ্গীর আলমের মেয়ে স্মরণী ওরফে স্বর্ণা (দুই বছর ছয় মাস), নাজির হোসেনের ছেলে মাহাবুব হোসেন (১৫) এবং আবদুর রহমানের ছেলে মো. আলম (১৬)। এ ছাড়া ওই এলাকার আরও ছয়জন এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।নিপাহ ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে হাতীবান্ধার মানুষ এলাকা ছাড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে ছাড়া প্রতিটি বাসে হাতীবান্ধার জন্য নির্দিষ্টসংখ্যক আসন থাকে। বাসমালিকেরা প্রথম আলোকে জানিয়েছেন, গত দুই-তিন দিনে হাতীবান্ধার কোনো আসন খালি থাকছে না। তাঁরা বলছেন, শুধু ঈদ বা ইজতেমার সময় এমন ভিড় হয়। উল্লেখ্য, লালমনিরহাট থেকে প্রতি রাতে ২৮ থেকে ৩০টি বাস ঢাকায় যায়।শিশুদের স্কুলের শিক্ষক তাসলিমা আখতার হাতীবান্ধা ছেড়ে আশ্রয় নিয়েছেন ঢাকায় এক আত্মীয়ের বাসায়। তাঁর প্রতিবেশী বেল্লালের ছেলে সাজ্জাদ এনকেফালাইটিসে মারা গেছে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে এলাকা ছাড়েন তাসলিমা।গতকাল শনিবার রাজধানীর কল্যাণপুরে ওই আত্মীয়ের বাসায় প্রথম আলোকে তাসলিমা বলেন, ‘আতঙ্কিত হয়েই চলে এসেছি। নিজেদের আত্মীয়ের মধ্যেই মারা গেছে চারজন। কোন ভরসায় সেখানে বাচ্চা নিয়ে থাকব!’তাসলিমা আখতার একা নন। ঢাকা শহরে হাতীবান্ধার অনেকেই আশ্রয় নিয়েছে। একটি পরিবার গাবতলীতে নেমে প্রথমেই একটি রোগনির্ণয় কেন্দ্রে সবার স্বাস্থ্য পরীক্ষা করায়। তারা কোনো ধরনের ভাইরাসে আক্রান্ত নয়—এমন কাগজ নিয়ে তারা আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছে। ওই পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাতীবান্ধার মানুষ রংপুরসহ অন্যান্য জেলায়ও যাচ্ছে।হাতীবান্ধার মানুষ বলেছেন, এলাকার লোকজন সংক্রমণের ভয়ে খেজুরের রস এবং কিছু সবজি ও কলা, পেঁপে, আপেল, আঙুর ও বরইয়ের মতো ফল খাচ্ছে না। বাহক বাদুড়ের মাধ্যমে নিপাহ ভাইরাস ছড়ায়—এ কথা জানার পর থেকে মানুষ এগুলো পরিহার করছে।এদিকে স্বাস্থ্যসচিব মো. হুমায়ুন কবির গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেছেন, পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে। আতঙ্কিত হওয়ার মতো অবস্থা এখন আর নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় রোগনির্ণয়সহ চিকিৎসা দেওয়ার পাশাপাশি মানুষকে সঠিক তথ্য জানাচ্ছে।দেশে রোগব্যাধির গবেষণাবিষয়ক শীর্ষ সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি বিশেষজ্ঞ দল এখন ওই এলাকায় রয়েছে। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান গতকাল বলেছেন, নতুন করে কোনো সংক্রমণের খবর তাঁরা পাননি।এদিকে গতকাল শনিবার লালমনিরহাট-১ আসনের (পাটগ্রাম-হাতীবান্ধা) সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে চিকিৎসক, বিশেষজ্ঞ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে একটি সভাও করেন। সভায় প্রতিমন্ত্রী ধৈর্য এবং দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উদ্ভূত সমস্যা মোকাবিলার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।ঢাকায় মানববন্ধনএনকেফালাইটিসে আক্রান্ত মানুষের সুচিকিৎসার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকার হাতীবান্ধাবাসী। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।কর্মসূচির আয়োজকেরা অভিযোগ করেন, হাতীবান্ধায় এনকেফালাইটিস মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী উল্লেখযোগ্য উদ্যোগ নেননি। তাঁরা সরকারের কাছে রোগীদের সুচিকিৎসা নিশ্চিত, গুরুতর অসুস্থ রোগীকে সরকারি খরচে রংপুর বা ঢাকার উন্নত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা, জনসচেতনতার সৃষ্টি, হাতীবান্ধা হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা এবং অসচ্ছল মৃত ব্যক্তির শেষকৃত্য ও পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করার দাবি জানান।