সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। গতকাল রোববার রাত আটটা পর্যন্ত ৬০৭টি লাশ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নয়জন। সব মিলিয়ে এ পর্যন্ত ভবনধসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৬ জনে। সাভার অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ে স্থাপিত ঢাকা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণকক্ষ থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল ৬০টি লাশ উদ্ধার করা হয়। আর এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৭ জনকে।এ পর্যন্ত অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠ ও বিভিন্ন হাসপাতাল থেকে ৪৫৩টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে হস্তান্তর করা হয় আরও ৩৫টি লাশ। সব মিলিয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে ৪৮৮টি। এখনো হস্তান্তরের অপেক্ষায় অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে ৩১টি লাশ রয়েছে। ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে ৬৫টি লাশ। এসব লাশের এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। এর আগে ৩২টি লাশের পরিচয় শনাক্ত করতে না পেরে জুরাইন কবরস্থানে দাফন করা হয়। গতকাল সন্ধ্যায়ও অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে ৫০০-৬০০ লোককে নিখোঁজ স্বজনদের লাশের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। যেসব মৃতদেহের সঙ্গে মুঠোফোন ও পরিচয়পত্র পাওয়া গেছে সেসব লাশই গতকাল তাৎক্ষণিকভাবে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি লাশ ডিএনএ পরীক্ষা করে হস্তান্তর করা হবে বলে জানিয়ে দেওয়া হচ্ছে স্বজনদের।সাভারের আনন্দপুরের শাজাহান গতকাল বিকেলে বলেন, স্ত্রী জ্যোৎস্না বেগমের লাশের জন্য অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে বসে আছেন। ফলে বাড়িতে দুই সন্তানের খোঁজ নিতে পারছেন না। একটা লাশের গাড়ি এলেই দৌড়ে যাচ্ছেন। যাঁরা লাশ নিয়ে যান, তাঁদের দিকে তাকিয়ে নিজেকে অসহায় লাগে। তিনি বলেন, ‘এখন তো আর জীবিত পামু না। লাশটা পাইলে দাফন করে মনে কিছুটা শান্তি পাই।’ লাশবাহী কোনো গাড়ি এলেই শাজাহানের মতো কয়েক শ লোক হুমড়ি খেয়ে পড়ছেন। কিন্তু শনাক্ত করতে না পেরে বিফল হয়ে ফিরছেন তাঁরা। গতকাল রোববার বিকেলে একটি মৃতদেহ উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা পকেটে একটি মুঠোফোন পান। তাতে দুটি সিমকার্ড ছিল। একটি গ্রামীণফোনের আরেকটি বাংলালিংকের। গ্রামীণফোনের সিমকার্ডটি অকেজো। পরে বাংলালিংকের সিমকার্ডটি অন্য একটি মুঠোফোনে ভরে সিমকার্ডে সেভ করা একটি নম্বরে ফোন দিলে অপর প্রান্ত থেকে ফোন ধরেই রেখে দেওয়া হয়। আরেকটি নম্বরে ফোন দিলে জানানো হয়, এটা সাইদুলের নম্বর। বিস্তারিত জানতে চাইলে তিনিও ফোন রেখে দেন। তৃতীয় ফোনটি যিনি ধরেন তিনি তাঁর নাম বলেন আমির বাবুর্চি। তিনি জানান, যে নম্বর থেকে ফোন এসেছে এটি সাইদুলেরই নম্বর। সাইদুলের বাবার নাম মোবারক বাবুর্চি। সেনাসদস্যরা এই তথ্য লাশের প্যাকেটে লিখে অধরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে পাঠিয়ে দেন। পরে স্বজনেরা লাশ নিয়ে যান। গতকাল ৬০টি লাশ উদ্ধার করা হয়েছে। অধিকাংশ লাশের সঙ্গে পরিচয়পত্র ও মুঠোফোন পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা জানান, দু-একজন পুরুষের মৃতদেহের সঙ্গে মুঠোফোন বা পরিচয়পত্র পাওয়া গেছে। নারীদের তা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নারীরা সাইড ব্যাগে মুঠোফোন ও পরিচয়পত্র রাখতেন। ধসে পড়া নয়তলা ভবনের অষ্টম তলার ছাদটি গতকাল পুরোটাই সরিয়ে ফেলা হয়। এ ছাড়া সামনে ও পেছন দিক থেকেও কেটে কেটে ধ্বংসস্তূপ সরানো হয়। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, পেছনের দিকে প্রচুর লাশ পাওয়া যাচ্ছে বলে উদ্ধার অভিযানে কিছুটা গতি কমে যাচ্ছে। সিঁড়িতে কত লাশ: ধসে পড়া ভবনে এখনো কত লাশ আছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস আর রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীদের কাছে এখন এটাই বড় প্রশ্ন। তিন দিন ধরেই ভবনের পেছনের অংশের সিঁড়ি ও এর আশপাশের ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। এই অংশেই তিন থেকে অষ্টম তলা পর্যন্ত শ্রমিকদের ওঠা-নামার সিঁড়ি ছিল। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছিলেন ভবনধসের সময় বিভিন্ন তলার লোক দৌড়ে সিঁড়ির দিকে যাচ্ছিলেন। তাই সিঁড়িতে প্রচুর মানুষ চাপা পড়ার আশঙ্কা তাঁদের।উদ্ধারকর্মীরা জানিয়েছেন, এখনো সিঁড়ির পুরোটা সরানো হয়নি।