মৃত্যু, না হয় মুক্তি, অনশনে যাচ্ছে ছিটমহলবাসী
‘হয় মৃত্যু, না হয় মুক্তি’—এ দাবিতে ছিটমহলবাসী ১৮ মার্চ থেকে পঞ্চগড় জেলার পুটিমারী ছিটমহলে অনির্দিষ্টকালের জন্য অনশনে যাচ্ছে।আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রামের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা এসব কথা জানান। সংবাদ সম্মেলনে যেসব দাবি জানানো হয় সেগুলো হলো, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি বাস্তবায়ন, ছিটমহল চুক্তি বাস্তবায়ন নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কী কারণে দ্বিমত পোষণ করল তা পরিষ্কারভাবে জানানো, ২০১২-১৩ সালের বাজেটে ভারতের ছিটমহলগুলোতে খাদ্য, বস্ত্র, শিক্ষা, নাগরিকত্ব এবং আইনশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা গ্রহণ, ছিটমহলের সব দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারকে বহনের দাবি ও ছিটমহলগুলোতে বসবাসরত হিন্দু-মুসলিম নাগরিকদের ধর্মীয় অনুষ্ঠানে যেতে দেওয়ার দাবি। সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিখিত বক্তব্যে জানান, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি অনুযায়ী ভারত এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত ছিটমহলগুলো বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন করছি। দুই দেশের সরকার গত বছর ছিটমহলগুলোতে জনগণনা করে। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি ভারতের পশ্চিমবঙ্গ সরকার ছিটমহল বিনিময়ের ক্ষেত্রে একটি অবাস্তব এবং অমানবিক যুক্তি দাঁড় করিয়ে ছিটমহল বিনিময় প্রক্রিয়াটিকে বানচাল করার চেষ্টা করছে। বাধ্য হয়ে ১৮ মার্চ থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য অনশনে যাচ্ছি। লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা আন্দোলনে শরিক হওয়ার জন্য দেশের সর্বস্তরের বিবেকবান মানুষকে সমর্থন জানানোর আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি ময়নুল হক এবং দাশিয়ারছড়া ছিটের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।