জন্ম: ১ জুলাই, ১৯২৪ মৃত্যু: ৮ ডিসেম্বর, ২০১২চলে গেলেন শিক্ষাবিদ খান সারওয়ার মুরশিদ। মৃত্যু এসে নিয়ে গেল তাঁকে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এই গুণী ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ৮৮ বছর বয়সী খান সারওয়ার মুরশিদ মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ১৮ অক্টোবর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি একাধিকবার হূদেরাগে আক্রান্ত হন। সর্বশেষ গত সপ্তাহে তাঁর অবস্থার চরম অবনতি ঘটে। এর পর থেকে তিনি গভীর কোমায় ছিলেন। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছিল। কিন্তু গতকাল শনিবার বিকেলে সেই কৃত্রিম জীবন থেকেও বিদায় নিলেন বাংলাদেশের এই আলোকবর্তিকা। তিনি পুত্র-কন্যা-নাতি-নাতনিসহ গুণগ্রাহী এবং সারা দেশে তাঁর অসংখ্য ছাত্র রেখে গেছেন, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে এখন দেশকে নেতৃত্ব দিচ্ছেন। খান সারওয়ার মুরশিদের ছোট মেয়ে শারমীন মুরশিদ গতকাল বিকেলে যখন প্রথম আলোকে তাঁর বাবার মৃত্যুর খবর জানাচ্ছিলেন, তখন তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। বলেন, ‘বাবা আর নেই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’ অ্যাপোলো হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাত আটটার পর অ্যাপোলো হাসপাতালে খান সারওয়ার মুরশিদের কফিন উন্মুক্ত করে দেওয়া হয়। সেখানে অনেকেই শ্রদ্ধা জানান। রাতে অ্যাপোলো হাসপাতালের হিমঘরেই রাখা হয় তাঁর মরদেহ।খান সারওয়ার মুরশিদের পারিবারিক বন্ধু আমিনুল হক জানান, আজ সকালে গুলশানের বাসায় তাঁর মরদেহ নেওয়া হবে। দুপুরে গুলশানের আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা হবে। সেখান থেকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে তাঁর মরদেহ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মাননা জানানোর পর মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানাবেন। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদে ফের তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।পারিবারিক সূত্রে আরও জানা গেছে, অক্টোবরে অসুস্থ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সেখানকার চিকিৎসকেরা কোনো আশা দিতে না পারায় তাঁকে ঢাকাতেই রাখা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে দেখতে যান ও তাঁর আরোগ্য কামনা করেন।খান সারওয়ার মুরশিদের চিকিৎসা করছিলেন অ্যাপোলো হাসপাতালের পরামর্শক ও নিউরোলজি বিভাগের প্রধান আলীম আক্তার ভূঁইয়া। তিনি প্রথম আলোকে জানান, খান সারওয়ার মুরশিদ কয়েক দিন ধরেই গভীর কোমায় ছিলেন। কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। তাঁর ব্রেনের কোনো সাড়া ছিল না। কিডনি কাজ করছিল না। সব মিলিয়ে খুব জটিল অবস্থা ছিল। শোক: খান সারওয়ার মুরশিদের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় বলেন, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন এই শিক্ষাবিদ। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হলো। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), নাগরিক উদ্যোগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।