মৃত্যুই মালালার প্রাপ্য!
মৃত্যুই মালালা ইউসুফজাইয়ের প্রাপ্য। যুক্তরাজ্যে চিকিৎসাধীন পাকিস্তানের নারীশিক্ষা অধিকারকর্মী ১৪ বছরের এই কিশোরী সম্পর্কে এমন মন্তব্য করেছে তালেবান জঙ্গিরা। এ মন্তব্যের পেছনে কারণ দাঁড় করাতে গিয়ে তারা বলেছে, মালালা তালেবানের বিরুদ্ধে কথা বলেছে এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গুণগান করেছে। গতকাল মঙ্গলবার তালেবানের বিবৃতির বরাত দিয়ে রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়।বিবৃতিতে মালালাকে ‘পশ্চিমা বিশ্বের গুপ্তচর’ বলে আখ্যায়িত করেছে তালেবান। বিবৃতিতে বলা হয়, ‘গুপ্তচরবৃত্তির জন্য তাঁকে (মালালাকে) পুরস্কৃত করা হয়েছে। কিন্তু যে ব্যক্তি শত্রুর হয়ে গুপ্তচরবৃত্তি করবে, তাঁকে হত্যার নির্দেশ ইসলামে দেওয়া আছে। ইসলামের সবচেয়ে বড় শত্রু বারাক ওবামার সঙ্গে বসে তালেবানের বিরুদ্ধে কথা বলায় সে (মালালা) আমাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।’ মালালার প্রতি তালেবানের নৃশংসতার ঘটনায় পাকিস্তানসহ সারা বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। নির্ভীক এই কিশোরীর সুস্থতা নিশ্চিত করতে পাকিস্তান সরকার সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেবে বলে ঘোষণা দিয়েছে। হামলাকারী তালেবান জঙ্গিদের ধরিয়ে দেওয়ার জন্য এরই মধ্যে এক লাখ মার্কিন ডলারের বেশি অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক বলেন, মালালার ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল দেশের বাইরে। হামলাকারীদের শিগগিরই আটক করা হবে।বিবিসির উর্দু ব্লগে তালেবানবিরোধী বক্তব্য লিখে আলোচিত হওয়া মালালার ওপর এই হামলার প্রতিবাদে পাকিস্তানে বিভিন্ন বিক্ষোভ হয়েছে এবং তাঁর সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়েছে। তবে বেশির ভাগ সরকারি কর্মকর্তা এ হামলার জন্য প্রকাশ্যে তালেবানকে দায়ী করা থেকে বিরত রয়েছেন। সমালোচকেরা বলছেন, সরকারি কর্মকর্তাদের এ ধরনের আচরণ জঙ্গি সমস্যা সমাধানে তাঁদের অনাগ্রহকে ফুটিয়ে তুলছে। তালেবানরা তাদের বিবৃতিতে জানায়, ‘শিক্ষা নিয়ে কাজের জন্য আমরা তাকে গুলি করিনি। বরং মুজাহিদিন ও তাদের যুদ্ধের বিরুদ্ধে কথা বলায় আমরা তাকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিই। ইসলামবিরোধী প্রচারণা যদি কোনো শিশুও চালায়, তাহলে তাকে হত্যা করার কথাও শরিয়া আইনে বলা আছে।’ মালালা ১৬ অক্টোবর সোয়াত উপত্যকায় গুলিবিদ্ধ হয়। এরপর তাকে রাওয়ালপিন্ডির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে গতকাল ইসলামাবাদ থেকে যুক্তরাজ্যে নেওয়া হয়।