মৃত্যুঝুঁকিতে শিলপাটা শ্রমিকেরা
হাতুড়ি-ছেনির খুটখাট শব্দে মুখর চারিদিক। শিশু-কিশোর থেকে শুরু করে যুবক-বৃদ্ধ সবাই হাতুড়ি আর ছেনি নিয়ে পাথর কেটে শিলপাটা বানাতে ব্যস্ত। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চক্রপাড়া গ্রামের এ দৃশ্য প্রতিদিনের।কিন্তু এ পেশা কতটা ঝুঁকিপূর্ণ, তা জানত না এরা কেউ। ছয় বছর এ কাজ করে জীবিকা নির্বাহকারী হাফিজুল যক্ষ্মায় মারা যাওয়ার পর টনক নড়ে অন্য শ্রমিকদের। এরপর একইভাবে মারা যান গ্রামের ইছাহাক নামের আরও এক শ্রমিক। শুধু তাই নয়, এরই মধ্যে ফুসফুসের পীড়ায় আক্রান্ত হয়ে প্রায় এক বছর বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন শাহজাহান ও রবিউল নামের আরও দুই শ্রমিক। এ অবস্থায় গ্রামের তিন শতাধিক শ্রমিক এখন মৃত্যুভয় নিয়েই পেটের তাগিদে শিলপাটা তৈরি করে চলছেন।চক্রপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামের ভেতর দিয়ে যাওয়া পাকা রাস্তার দুই পাশে গড়ে ওঠা বাড়িঘরগুলোর অন্তত দুই শতাধিক বাসিন্দা শিলপাটা তৈরির সঙ্গে জড়িত। দেখা গেল, এদের দু-একজন নাকেমুখে কাপড় বেঁধে কাজ করছেন। বাকিরা পাথরের ধূলিকণা প্রতিরোধে কোনো উদ্যোগই নেননি। এমনকি কারও হাতে কোনো গ্লাভসও নেই। এক থেকে দুই ফুট দূরত্বে বসে সবাই পাথর কাটছেন। খট্খট্ শব্দের সঙ্গে পাথরের ধূলিকণা তাঁদের নাকেমুখে যাচ্ছে। কোনো আগন্তুকের পক্ষে সেখানে এক মুহূর্তও থাকা দায়। অথচ এই শিলপাটার শ্রমিকেরা এমন পরিবেশেই দিনের পর দিন কাজ করছেন।যুবক সাইদুর রহমান জানান, তিনি আট বছর ধরে শিলপাটা বানাচ্ছেন। পাথরের ধুলাবালি নাকেমুখে গিয়ে বর্তমানে তাঁর শ্বাসকষ্ট দেখা দিয়েছে। কিন্তু ভয়ে চিকিৎসকের কাছে যাননি। শ্রমিক আনোয়ার জানান, এ গ্রামের অনেক যুবকই পেশাটি ঝুঁকিপূর্ণ জেনেও পেটের তাগিদে শিলপাটার কাজ করছেন। কম বয়সেই এঁরা ক্রমান্বয়ে যক্ষ্মায় আক্রান্ত হচ্ছেন।একাধিক শ্রমিক জানান, তাঁরা এক-একজন সারাদিন খেটে সর্বোচ্চ সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকা রোজগার করেন। এ কাজ করতে অনেকেই আগ্রহী নন বলেই মহাজনেরা শ্রমিক ধরে রাখতে ২০ থেকে ৩০ হাজার টাকা অগ্রিম মজুরি দেন। একটি পাটা ও একটি শিল কাটলেই শ্রমিকেরা মজুরি পান ৩৫ টাকা। অনেক শ্রমিক দিনে ১০ থেকে ১৫ সেট পর্যন্ত শিলপাটা তৈরি করতে পারেন।শিলপাটার মহাজন মাসুদ রানা জানান, ভারত থেকে পাথরগুলো আমদানি করা হয়। তাঁরা সান্তাহার থেকে পাথর এনে গ্রামের শ্রমিক দিয়ে শিলপাটা তৈরি করান। সেগুলো অর্ডারের ভিত্তিতে ঢাকাসহ চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন। এ পেশায় ঝুঁকির কথা স্বীকার করে তিনি আরও জানান, শ্রমিকসংকটের জন্য অনেক সময় চাহিদা অনুযায়ী মালামাল সরবরাহের সমস্যা দেখা দেয়। আগে মাত্র দুজন মহাজনি করতেন। এখন ১০ মহাজন এ ব্যবসা করছেন। শ্রমিকদের তাঁরা মাস্ক সরবরাহ করেন বলে জানান এ মহাজন। চক্রপাড়া গ্রামের গৃহবধূ ফরিদা পারভিন জানান, মজুরি বেশি পেয়ে এ গ্রামের শিশুরাও শিলপাটার শ্রমিক হিসেবে কাজ করে। টাকার লোভে এসব শিশু বিদ্যালয়েও যায় না।জয়পুরহাট সদরের বিশেষজ্ঞ চিকিৎসক গোবিন্দ মোহন সাহা জানান, শিলপাটা তৈরির এ পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাথরের ধূলিকণা নাক ও মুখ দিয়ে শরীরে ঢুকে ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। পরে ধীরে ধীরে তা যক্ষ্মায় রূপ নেয়। একসময় অবধারিত মৃত্যু ডেকে আনে। তিনি শ্রমিকদের মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরার পরামর্শ দেন।আক্কেলপুর পৌরসভার মেয়র কামরুজ্জামান কমল জানান, পৌর এলাকায় শিলপাটা তৈরির এ কাজ দীর্ঘদিন থেকে চলে আসছে। শ্রমিকদের ঝুঁকির বিষয়ে তিনি বলেন, পেশার পরিবর্তন চাইলে শ্রমিকদেরই এগিয়ে আসতে হবে।