মৃত্যুদণ্ড পাওয়া ৯ আসামির আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোট সরকারের উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের ভাইয়ের ছেলে সাব্বির আহমেদ ওরফে গামা হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া নয় আসামি আজ সোমবার দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-৩-এ আত্মসমর্পণ করলে বিচারক কানিজ আক্তার নাছরিনা খানম আসামিদের জেলে পাঠানোর নির্দেশ দেন।এই নয় আসামি হলেন নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ, আনিছুর রহমান শাহ, ফরমান শাহ, সেন্টু শাহ, কায়ছার শাহ, ফজলুল হক শাহ, সাজাহান শাহ, জাহেদুল শাহ ও বাদল হোসেন। বাকি ১২ জনের মধ্যে নয়জনকে আগেই গ্রেপ্তার করা হয়।জানা যায়, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি তত্কালীন উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদারের ভাতিজা সাব্বির আহমেদ গামা নাটোর সদর উপজেলার রামশাকাজিপুর গ্রামে আততায়ীর গুলিতে নিহত হন। এ ঘটনায় গামার বাবা রফিকুল ইসলাম তালুকদার ওই দিনই এস এম ফিরোজসহ ২১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে মামলাটি নাটোর জজ আদালত থেকে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-৩-এ স্থানান্তর করা হয়।সাক্ষ্যগ্রহণ শেষে ২০০৬ সালের ২৪ আগস্ট ট্রাইব্যুনালের তত্কালীন বিচারক ফিরোজ আলম ২১ আসামিকে মৃত্যুদণ্ড দেন। রায় ঘোষণাকালে এস এম ফিরোজসহ ১১ জন পলাতক ছিলেন।সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার বলেন, ‘সর্বোচ্চ সাজা পাওয়া আসামিরা অনেক দিন আইনের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন। আত্মসমর্পণের পর আদালত বিষয়টি অবশ্যই সেই দৃষ্টিতে দেখবেন। আমি তাঁদের শাস্তি কার্যকর করার দাবি জানাচ্ছি।’অন্যদিকে আসামি এস এম ফিরোজ আত্মসমর্পণের আগমুহূর্তে বলেন, ‘আমরা নির্দোষ। সাবেক উপমন্ত্রী দুলু রাজনৈতিক আক্রোশে আমাদের বিরুদ্ধে ভাইকে দিয়ে মিথ্যা মামলা করেছিলেন। সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিলেন। তাই আমরা সুবিচার পাইনি। দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসায় আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছি।’