মৃত্যুদণ্ড বহাল রইল কাসাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত আসামি মোহাম্মদ আজমল কাসাবের মৃত্যুদণ্ড বহাল রয়েছে। আজ বুধবার ভারতের সর্বোচ্চ আদালত এ রায় দেন। দ্য ডন অনলাইনে প্রকাশিত খবরে আজ এ তথ্য জানানো হয়। আদালতের রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী গোপাল সুব্রামনিয়াম সাংবাদিকদের বলেন, আদালত আজ মোহাম্মদ কাসাবের আপিলের আবেদনটি খারিজ করে দিয়েছেন। আদালতের রায়ে উল্লেখ করা হয়, ‘কাসাবকে মৃত্যুদণ্ড দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না। কাসাবের অপরাধ রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে নামার শামিল।’ বর্তমানে কাসাবকে মুম্বাইয়ের একটি কয়েদখানায় সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হয়েছে। ভারতের সর্বোচ্চ আদালতে প্রাণভিক্ষা চেয়ে করা আপিল আবেদনটি খারিজ হওয়ার পর এখন তিনি রাষ্ট্রপতির ক্ষমা পেতে একটি চূড়ান্ত আপিল করবেন।পাকিস্তানের নাগরিক মোহাম্মদ কাসাবের বিরুদ্ধে ২০১০ সালের মে মাসে হত্যা, রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত হওয়াসহ ৮০টি অভিযোগ আনা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন। ২০০৮ সালে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। তিন দিন ধরে চলা ওই তাণ্ডবে শহরের বিলাসবহুল হোটেল, একটি ইহুদি কেন্দ্রসহ শহরটির কয়েকটি প্রধান স্থাপনা আক্রান্ত হয়। ওই হামলার এক ভিডিও চিত্রে কাসাবকে পিঠে একে-৪৭ রাইফেল ও একটি ব্যাগ ঝুলিয়ে মুম্বাইয়ের প্রধান রেলস্টেশন ধরে হাঁটতে দেখা গেছে। হামলায় ওই স্টেশনে প্রায় ৬০ জন মানুষ নিহত হয়।