জুরাইনের শিল্পপতি আলম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১৪ জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আটজন ও বিভিন্ন মেয়াদে ছয়জন রয়েছেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য তিন আসামির সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরি ও বিচারপতি মো. শওকত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ বেঞ্চ এ রায় দেন।২০০২ সালের ১ জানুয়ারি জুরাইনে শিল্পপতি আলম খুন হন। তাঁর সঙ্গে গৃহপরিচারিকা রহিমা, সখিনা ও কমলাকেও হত্যা করা হয়। এ নিয়ে শ্যামপুর থানায় একটি মামলা হয়। এই মামলায় ২০০৫ সালের ৩১ জুলাই বিচারিক আদালতের রায়ে ১১ জনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।ওই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কবির, সোহেল, সোহাগ, বাবুল ওরফে বাবু, ইউসুফ, দুলাল, আল আমিন, ফরিদা, জামাই মতিন, জামাই বাবু ও জাহানারা বেগম। তাঁদের মধ্যে কবির, সোহেল ও সোহাগের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন দিয়ে বাকিদের খালাস দেওয়া হয়।নিম্ন আদালতের রায়ে বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া ছয়জন হলেন ডলি আক্তার, রাব্বাত আলী, আবদুর রহমান, আসমা রহমান, রেহানা পারভীন ও আলাউদ্দিন।আদালতে আসামিপক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এম এস মুবিন ও মাসুদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইজারুল হক। বাদীপক্ষের মামলা পরিচালনা করেন মুনসুরুল হক চৌধুরী।মাসুদ আহমেদ বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় আসামিরা বেকসুর খালাস পেয়েছেন।মুনসুরুল হক চৌধুরী বলেন, আসামিদের জবানবন্দি সত্য প্রমাণিত নয় বলে আসামিরা খালাস পেয়েছেন।ইজারুল হক বলেন, ১৪ জনের মধ্যে তিনজনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন করাদণ্ড দেওয়া হয়েছে।