মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির প্রাণভিক্ষায় বিএনপির প্রতিবাদ
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুক্তিযোদ্ধা আলী খাজা এম এ মজিদের প্রাণভিক্ষা চেয়ে রাজশাহীর এক এমপি ও সিটি মেয়রের সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন ও সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ওই সংবাদ সম্মেলন করেন।আজ শনিবার এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান, রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা ও সাধারণ সম্পাদক কামরুল মনি। বিচারাধীন মামলার আসামির প্রাণভিক্ষা চেয়ে সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যকে তাঁরা আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেন।বিবৃতিতে তাঁরা বলেন, এম এ মজিদ ২০০৩ সালের ৯ নভেম্বর আবদুল হামিদ ওরফে মরু হামিদকে নৃশংসভাবে হত্যা করেন। এর দায়ে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে ২০০৬ সালের ১৮ অক্টোবর এম এ মজিদ মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। তাঁর আপিল বর্তমানে মহামান্য হাইকোর্টে বিচারাধীন।বিএনপির প্রতিবাদলিপিতে বলা হয়, মেয়র ও সাংসদের দাবির পরিপ্রেক্ষিতে তাঁরা বিস্মিত ও আহত হয়েছেন। তাঁরা বলেন, মরু হামিদকে যেভাবে প্রকাশ্যে গুলি ও জবাই করে হত্যা করা হয়েছে, রাজশাহী শহরে গত ৩০ বছরে এ ধরনের হত্যাকাণ্ড ঘটেনি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাগমারা উপজেলার সভাপতি ছিলেন। মরু হামিদ একজন মুক্তিযোদ্ধাও ছিলেন। তাঁকে হত্যা মামলায় একজন আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন এবং চাক্ষুস সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে এই দণ্ড দেওয়া হয়েছে।