মৃত্যুদণ্ডের পক্ষে ভোট দিল ভারত
মৃত্যুদণ্ডের বিধান বাতিল করতে জাতিসংঘের সাধারণ পরিষদের উত্থাপিত খসড়া প্রস্তাবের বিরুদ্ধে এবার ভোট দিয়েছে ভারত। এর আগে বাংলাদেশ, চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, ইরাক, জাপান, কুয়েত, লিবিয়া, পাকিস্তান, যুক্তরাষ্ট্রসহ ৩৮টি সদস্যদেশ এ প্রস্তাবের বিপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে। আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ভারত মনে করে, প্রতিটি দেশেরই নিজের আইনি পদ্ধতি নির্ধারণে ‘সার্বভৌম ক্ষমতা’ রয়েছে।গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তৃতীয় কমিটিতে খসড়া প্রস্তাবটি গৃহীত হয়। এই কমিটি মূলত সদস্যদেশগুলোর সামাজিক ও জনকল্যাণকর বিষয় নিয়ে কাজ করে। এ প্রস্তাবের পক্ষে ১১০টি সদস্যদেশ ভোট দিলেও বিরত রয়েছে ৩৬টি দেশ।ক্রমাগত মৃত্যুদণ্ডের ঘটনায় খসড়া প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়ার আইন বাতিল করার জন্য মতৈক্যে পৌঁছাতে সব দেশের প্রতি আহ্বান জানানো হয়। ১৮ বছরের কম বয়সী ও অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুদণ্ড না দেওয়ার বিষয়টিও খসড়ায় উল্লেখ করা হয়। যেসব অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেসব অপরাধের পরিমাণ কমিয়ে আনতে আহ্বান জানানো হয় দেশগুলোর প্রতি।