মৃত্যুদণ্ডের পরিবর্তে ১৪ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার স্কুলছাত্রী সাদিয়া সুলতানা তৃষাকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আপিল আংশিক মঞ্জুর করেছেন আপিল বিভাগ। আদালত আসামিদের মৃত্যুদণ্ড পরিবর্তন করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিল শুনানি শেষে আজ রোববার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।তিন আসামি হলেন মেহেদি হাসান মডার্ন, মোহাম্মদ শাহিন ও আরিফুল ইসলাম আশা।আদালতে আসামিপক্ষে খন্দকার মাহবুব হোসেন ও খুরশিদ আলম খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।রায়ের পর রাজিক আল জলিল প্রথম আলো ডটকমকে বলেন, আপিল বিভাগ ওই তিন আসামির আপিল আংশিক মঞ্জুর করে মৃত্যুদণ্ড পরিবর্তন করে ১৪ বছরের বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।খুরশিদ আলম খান বলেন, আসামিরা ২০০২ সাল থেকে এখনো কারাগারে।আইনজীবীরা জানান, তৃষা হত্যার ঘটনায় ২০০২ সালের ১৭ জুলাই তার বাবা আবদুস সাত্তার এই তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিচারিক আদালত একই বছরের ৩০ সেপ্টেম্বর তিনজনকেই মৃত্যুদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের বিষয়টিও হাইকোর্টে শুনানির জন্য আসে।শুনানি শেষে ২০০৪ সালের ১৯ মে হাইকোর্ট আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল বিভাগে আপিল করেন। আপিলের শুনানি নিয়ে আজ আদালত রায় দেন।উল্লেখ্য, ২০০২ সালের ১৭ জুলাই বিকেলে মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী তৃষা স্কুলছুটির পর বাড়ি ফেরার পথে তিন বখাটের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে পুকুরে ডুবে মারা যায়।