মৃত্যুদণ্ডের বিধান রেখে বর্ডার গার্ড আইনের খসড়া অনুমোদন
বাংলাদেশ রাইফেলস পুনর্গঠন করতে বর্ডার গার্ড বাংলাদেশ আইন ২০১০-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনটি জাতীয় সংসদে পাস হওয়ার সঙ্গে সঙ্গে বিডিআর নাম বিলুপ্ত হয়ে বাহিনীটির নাম হবে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, বিডিআর আইনে সর্বোচ্চ শাস্তি ছিল সাত বছরের কারাদণ্ড আর নতুন আইনে সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে মৃত্যুদণ্ড।বৈঠকে মাতৃভাষা ইনস্টিটিউট আইন ২০১০ খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া জনস্বার্থে সংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন ২০১০ খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে বিমান পরিবহন পর্যটনমন্ত্রীর সৌদি আরব সফরের বিষয়ে অবহিত করা হয়।বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযোদ্ধা কোটায় সহকারী সার্জনের ৫৮২টি শূন্য পদ মেধাতালিকা থেকে প্রার্থী নিয়ে পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে ভবিষ্যতে মুক্তিযোদ্ধা কোটা পূরণ না হলে তা খালি থাকবে এবং পরে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের দিয়ে তা পূরণ করা হবে বলে সিদ্ধান্ত হয়।মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদনে বলা হয়, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের জুন পর্যন্ত দেড় বছরে মন্ত্রিসভা ৭৪টি বৈঠক করেছে। এ ৭৪টি বৈঠকে ৪৯৮টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৪১১টি। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রথম দেড় বছরে বৈঠক হয়েছিল ৬৪টি। এর মধ্যে সিদ্ধান্ত হয় ২৩৯টি আর বাস্তবায়িত হয় এর মধ্যে ১৪৮টি।