মৃত্যুপথযাত্রী সবুর হুইল চেয়ার পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুরারোগ্য ডুসিনি মাসকুলার ডিসট্রোফি রোগে আক্রান্ত ১৭ বছর বয়সের সবুর এখন হাঁটতে পারে না। মাংসপেশি ধীরে ধীরে হাড়ে রূপ নিচ্ছে। শরীর নুয়ে পড়েছে। যে কারণে শিশুটিকে চলাফেরা করানো মা-বাবার জন্য এখন খুবই কষ্টকর হয়ে পড়েছে। বাবা তোফাজ্জেল হোসেনের আকুতি ছিল, কোনো হূদয়বান ব্যক্তি তাঁর শিশুটির চলাফেরার জন্য একটি হুইল চেয়ার দিলে শিশু সবুর মৃত্যুর আগে অন্তত একটু ঘোরাঘুরি করার সুযোগ পেত। এতে শেষ জীবনে তাঁর সন্তান একটু স্বস্থি পেত।প্রথম আলোয় এমন মানবিক সংবাদ প্রকাশের পর মেহেরপুরের মুজিবনগরের গুড নেবারস (ভালো অতিথি) নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শিশুটির জন্য একটি হুইল চেয়ার কিনে দিয়েছে। এ হুইল চেয়ার পেয়ে এখন শিশুটি এখানে-সেখানে ঘুরতে যেতে পারে। পরিচিত সবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে। হুইল চেয়ার পেয়ে শিশু সবুর হাসিমুখে বলে, ‘আগে সারা দিন ঘরে শুয়ে থাকতাম। এখন হুইল চেয়ারটি পাওয়ায় অল্প পরিশ্রমেই মা-বাবা আমাকে নিয়ে ঘুরে বেড়াতে পারেন।’মুজিবনগরের গুড নেবারস সংস্থার অর্থ পরিচালক বাবুল মল্লিক বলেন, ‘শিশুটির রোগ ও তার শারীরিক অবস্থা নিয়ে প্রথম আলোয় প্রকাশিত সংবাদ পড়ে এই হুইল চেয়ার দিয়েছি।’