মৃত্যুপুরীতে বসবাস...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন ধরে শহরটার যে কী হলো, খবরের কাগজের প্রথম পাতাতে বড় বড় হরফে লাল কালিতে শুধু মৃত্যুর খবর। হঠাৎ করেই ঢাকা যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। বেগুনবাড়িতে পাঁচতলা ভবন ঢলে পড়ল পাশের আধপাকা বাড়ির ওপর। ঘুমন্ত মানুষ চাপা পড়ল তার নিচে। মানুষের চিৎকার চারদিকে। একটু সাহায্যের জন্য প্রবল আর্তি। বাঁচার জন্য করুণ আকুতি। কিন্তু মৃত্যু যেন সব পরিকল্পনা ছকে এঁকে নিয়ে এসেছিল। বাঁচানো গেল না মানুষগুলোকে। ২৫ জন মারা গেল চাপা পড়ে। অসহায় স্বজনের মাতম চারদিকে।সেই শোক কাটতে না কাটতেই পুরান ঢাকার নিমতলীতে আগুন লেগে মারা গেল শতাধিক মানুষ। আগুনে পুড়ে ছাই হয়ে, বিষাক্ত ধোঁয়ায় তড়পাতে তড়পাতে মারা গেছে মানুষ। জ্বলতে জ্বলতে একজনের সঙ্গে আরেকজনের শরীর এমনভাবে সেঁটে গেছে যে আলাদা করারও উপায় নেই। জ্বলন্ত লাভার মতো আগুন মানুষকে ধাওয়া করে করে মেরেছে। এমন দুঃসহ মৃত্যু কে কবে দেখেছে?অথচ তার পরও এ শহরে যা কিছু যেমন ছিল, সেগুলো তেমনি আছে, বদলায়নি। একের পর এক নিয়ম ভেঙে অবৈধভাবে তলার পর তলা করেই যাচ্ছে ভবন-মালিক। বাড়ি কাত হয়ে যাচ্ছে, যেকোনো সময় অন্যের ঘাড়ে পড়বে। মানুষ চাপা পড়ে মরবে। তার পরও রাজউক হাত গুটিয়ে বসে আছে।পুরান ঢাকার আবাসিক এলাকার ভেতরেই কত যে দাহ্য কিংবা রাসায়নিক পদার্থের কারখানা-গুদাম রয়েছে, কে তার হিসাব রাখে?এর মধ্যেই খবর পাওয়া গেল, বেগুনবাড়িতে আরেকটা বাড়ি নাকি কাত হয়ে গেছে, যেকোনো সময় ভেঙে পড়ে যাবে। চাক্ষুষ দেখতে গিয়ে চোখে পড়ল শত শত আতঙ্কিত মুখ। কত রকম কথা যে উঠছিল মানুষের মুখে! ভিড়ের ভেতর তাই নিয়ে জোর আলোচনা চলছে। চোখমুখ কুঁচকে একজন বলল, ‘একতলার ফাউন্ডেশনের উপরে সাত তলা করছে, এই বাড়ি বাকাইবো না তো হইব কী?’তাঁর কথা শুনে আরেকজন প্রশ্ন করে, ‘আপনে কেমনে জানলেন?’ তিনি জবাব দেন, ‘জানুম না! আমাগো চোখের সামনে এই বাড়ি করছে। পরথমে একতলা কইরা কারখানা করার কথা আছিল। হ্যার বাদে হের উপরে সাততলা করছে।’আরেকজন মন্তব্য করেন, ‘পড়বোনে আবার, ঘাড় ঘুড় ভাইঙ্গা পড়বোনে পাশের বিল্ডিংটার উপরে। আবার মানুষ মরব কতগিনি।’এক ভদ্রমহিলা দাঁড়িয়ে ছিলেন কাছেই। বললেন, ‘এই যে একটার পর একটা তালা কইরাই গেতাছে, সরকার এইডি দেহে না? ভাইঙ্গা পইড়া মানুষ মরলে হ্যার বাদে ছুইটা আহে লাশ বাইর করতে। আগের থন দেখলে কী হয়? তাইলেই তো এই মানুষগুলা মরে না।’তাঁর সঙ্গে সায় দেন আরেক বৃদ্ধ ভদ্রলোক, ‘রাজউকের কাজটা কী? তাগোর কাজ তো এইটাই যে কে কয়তলা বিল্ডিং তুলল, ক্যামনে তুলল সেইগুলা খেয়াল কইরা দেখা? কই কোনো দিন তো শুনলাম না এই এলাকার একটা বাড়িঘর দেখতে রাজউক থেইকা কেউ কখনো আইছে।’পাশে দাঁড়ানো তরুণটি ফোড়ন কাটে, ‘আইব কী করতে, ঘুষ খাওয়া ছাড়া এরা আর কোনো কাম কাজ করেনি? সারা দিন তো খালি এই ধান্দা করে, কারতে ক্যামনে কত ট্যাকা ঘুষ খাইব।’এর মধ্যেই ফায়ার ব্রিগেডের গাড়ি চলে এসেছে। তখন লোকজনের মনে পড়ে যায় নিমতলীতে কী ভয়ংকর একটা ঘটনা ঘটে গেছে। শুরু হয়ে যায় প্রশ্ন করা। ফায়ার ব্রিগেডের কর্মীদের জিজ্ঞেস করেন, ‘ভাই, আপনারা ছিলেন নিমতলীতে? কী দেখলেন ভাই, একটু বলেন না ভাই!’একজন কর্মী জবাব দিলেন, ‘ভয়ংকর অবস্থা রে ভাই। মানুষগুলা এমনভাবে মারা গেছে, চোখে দেখা যায় না। একটা বাড়ি ছিল তার মধ্যে কেউ বাঁচে নাই, সব কয়জন মারা গেছে।’কথাগুলো শুনে লোকজনের মুখ কালো হয়ে যায় সঙ্গে সঙ্গে। বুক থেকে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস, মুখ থেকে আফসোসের সুর ‘ইস্্!’এদিকে নিমতলীতে তখনো অসহ্য এক নীরবতা। মানুষগুলো কী এক ঘোরের মধ্যে যে আছে। এখনো যেন ঠিক বিশ্বাস করতে পারছে না, তারা বেঁচে গেছে। চোখের সামনে চেনাজানা মানুষগুলোর এমন করুণ, ভয়ংকর মৃত্যু দেখে বিশ্বাস হবে কী করে?এখানকার বাসিন্দা হারুন বলছিলেন, ‘কেয়ামত নাইমা আইছিল ভাই, কেয়ামত। এই এলাকায় কেয়ামত হইছিল। জীবনে কুনু দিন এমন আগুন দেহি নাই। কেমিক্যালের আগুন ধাওয়া কইরা কইরা মানুষ মারছে। যে যেহানে আছেল, সে ওহানে ওই অবস্থায় মইরা গেছে। পুইড়া কয়লা হইয়া গেছেগা। লাশ দেইখা বুঝন যায় নাই এহানে একজন আছে না দুইজন। আমরা যে বাঁইচ্যা গেছি, অহনো বিশ্বাস করতে পারতাছি না।’তখনো বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাপ করছিলেন রাশিদা। আগুন লেগেছিল বাড়িতেও। বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। রাস্তায় এসে দাঁড়ানো ছাড়া তাঁদের আর কোনো উপায় নেই। তাঁর দেবরটা মারা গেছে সেই আগুনে পুড়ে। মামাশ্বশুর ঝলসে গেছেন পুরোপুরি। বলছিলেন, ‘কী থেইক্যা কী হয়া গেলগা। কত বড় সর্বনাশটা হয়া গেল আমাগো। আমরা অহন কই যামু? কই খাড়ামু।’বোন আর ভাগনিকে হারিয়ে তখনো দিশেহারা দশা আলালের। ঠিকমতো কথাও বলতে পারছিলেন না। কোনো মতে বললেন, ‘আমার বইনটা ভাগনিটা পুইড়া গেছেগা ভাই। দেইখা একটু চিননের উপায় আছেল না। কী দোষ করছিল অরা, অগো এমন কইরা মরতে হইল? ক্যান এমন হইল কন?’কে দেবে এ প্রশ্নের জবাব? কেউ না।বেগুনবাড়ির মতো এ শহরে আরও বহু এলাকায় বহু ঝুঁকিপূর্ণ বাড়ি রয়েছে। সামনে সেগুলো ভেঙে পড়বে। তার নিচে চাপা পড়ে মানুষ মারা যাবে। রাজউক তারপর আসবে ঘটনার তদন্ত করতে। নিমতলীর মতো আরও বহু এলাকায় আগুন লেগে বাড়িঘর পুড়ে ছাই হয়ে যাবে, মানুষ মরে যাবে। সরকার তারপর ব্যবস্থা নেবে। যেন এর সবই আমাদের ভবিতব্য। কোনো ঘটনা ঘটার আগ পর্যন্ত কারও কোনো দায়িত্ব নেই। নেই কোনো দায়। কেবল তদন্ত কমিটি গঠন, আর শোক ঘোষণা করা ছাড়া আর কিছুই করার নেই কারও। আমরা শহরবাসী, আমাদের চোখের সামনে এ রকম ঘটনা একের পর এক ঘটে যাবে, আমরা চেয়ে চেয়ে দেখব। মৃত্যুপুরীর মতো এ শহরে এর চেয়ে বেশি আর কিই বা করার আছে আমাদের?