মৃত্যুবিছানো গিরিপথ বেয়ে মুসার নেমে আসা
এভারেস্টের চূড়া থেকে নামছেন মুসা ইব্রাহীম। ২৩ মে, ২০১০। তাঁর একজীবনের স্বপ্ন এই এভারেস্টে ওঠা। গত ১০টা বছরের প্রস্তুতি।ছোটবেলায় লালমনিরহাটের গ্রামের বাড়ি থেকে দূরের হিমালয়ের দিকে তাকিয়ে থেকেছেন কত দিন। বোন যেদিন পাহাড় দেখিয়েছিলেন, সেদিন থেকেই তো ওই পাহাড়ের মায়ায় বাঁধা পড়েছিলেন। কিন্তু এখন, এভারেস্টের চূড়ায় পা রাখার পর স্বপ্নপূরণের আনন্দের লেশ এত দ্রুত কেটে গেল! কী যে এক অবসাদ সমস্ত সত্তাজুড়ে। ক্লান্তি যেন পাহাড়ের চেয়েও বড় হয়ে তাঁর শরীরে চেপে বসছে। কী গভীর খাদ নিচের দিকে। এটা বেয়ে নামতে হবে। এভারেস্টের ওপরের বাতাস একদম শুকনো। সমস্ত শরীর পানি চাইছে। জিভ শুকিয়ে কাঠ। মুসা ইব্রাহীম আর পারছেন না। আর পারবেন না। তিনি বসে পড়েছেন। এদিকে-ওদিকে বিভিন্ন সময়ে প্রাণ হারানো অভিযাত্রীদের লাশ পড়ে আছে। সকালের রোদমাখা শ্বেতশুভ্র তুষারের গায়ে মানুষের রঙিন পোশাক। বরফের কারণে লাশগুলো অবিকৃতই রয়ে গেছে। কে যে কোন বছরে মারা গেছে, কে জানে? এ বছর তখন পর্যন্ত মারা গেছে দুজন। ওই লাশ কেউ নামায় না। নিজের প্রাণটুকু দেহে ধরে নিচে নামাই মুশকিল। লাশ কে টানবে?‘পানি পানি। একটু পানি। পানি না পেলে আমি নড়তে পারছি না।’‘মুসা। যদি বাঁচতে চাও এই জায়গাটা থেকে একটু সামনে চলো। তুমি যদি এ রকম করো, তাহলে তোমার সামিট করার কোনো মানেই হলো না। এই জায়গাটাতেই বহু লোক মারা যায়। প্লিজ মুসা, ওঠো।’ শেরপারা বলল।মুসা আবার শরীরটা টেনে তুললেন। একটু একটু করে নিচে নামছেন। আবার বললেন, ‘পানি দাও।’ওরা একটু পানি দিল। কিন্তু এত অল্প পানিতে তাঁর গলাও ভিজল না। তবু পানি কিছুটা শক্তি যেন জোগাল শরীরে। আরেকটু এগোলেন। আর পারবেনই না। ধপাস করে বসে পড়লেন। শেরপা বলল, ‘আমরা তোমাকে রেখেই চলে যাচ্ছি। আমাদের অনেক কাজ। অক্সিজেন সিলিন্ডার নামাতে হবে। মালপত্র নামাতে হবে। তুমি তোমার মতো করে নামো।’ ওরা সত্যি সত্যি চলে গেল।একজন শেরপা কী মনে করে থামল। পেছন থেকে মুসাকে পাশ কাটিয়ে যাচ্ছে একজন একজন করে অভিযাত্রী। একজন অস্ট্রেলীয় দাঁড়ালেন তাঁর পাশে। বললেন, ‘তোমার কি খুব খারাপ লাগছে?’‘হ্যাঁ। খুব।’ওই অভিযাত্রী বললেন, ‘তুমি একটু পানি খাও।’ মুসার মুখে পানি তুলে দিলেন তিনি। তারপর বললেন, ‘আমাদের কাছে একটা জেল আছে। পাওয়ার জেল। এটা অভিযাত্রীরা খায়। এটা খেলেই দেখবে তুমি শক্তি ফিরে পাচ্ছ।’ মুসা ভাবতে লাগলেন, ‘আমরা তৃতীয় বিশ্বের দেশ থেকে গেছি। যন্ত্রপাতি কম। রসদ কম। ওদের কত কী আছে। ওই জেলটা মুখে পোরার পর সত্যি শরীরে বল ফিরে পেলাম। আমি ধন্যবাদ দিলাম তাঁকে। ওই অস্ট্রেলীয়র সঙ্গে আর কোনো দিন আমার দেখা হবে কি না, জানি না। ও যেন আমাকে কেবল পানি আর পাওয়ার জেল দান করল না, আমাকে জীবন দান করে চলে গেল।’তারপর তিনি আস্তে আস্তে নামতে লাগলেন পাহাড় বেয়ে। বেলা ১১টা বেজে গেল ক্যাম্প-৩-এ আসতে।ক্যাম্প-৩-এ এসে মুসার শরীর যেন একেবারেই নিস্তেজ হয়ে পড়ল। তিনি বললেন, ‘আমি আজ আর নিচে নামতে পারব না। আমি এখানেই থেকে যাব। আমার শরীরে এক ফোঁটা জোর নাই। পায়ে প্রচণ্ড ব্যথা।’শেরপারা বলল, ‘না না, এখানে থাকা যাবে না। কারণ এত ওপরে অক্সিজেন নেই। বাতাসের চাপ নেই। বাতাসে পানি নেই। তুমি যত বেশি সময় এখানে থাকবে, তত বেশি দুর্বল হয়ে যাবে।’মুসার শরীর চলছে না। মনে হচ্ছে এখানেই শুয়ে পড়বেন। ঘুম দেবেন। যা হবার হবে। কিন্তু তিনি জানেন, যত বেশি সময় থাকবেন, ততই মৃত্যু কাছে আসবে। কাজেই উঠতে হলো। ১২টার দিকে নামা শুরু করলেন। সবাই তাঁকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। তিনি নামছেন আস্তে আস্তে। ক্যাম্প-২-এ আসতে আসতে সন্ধ্যা নেমে এল। অন্ধকার হয়ে এল চারপাশ।