মৃত্যুবিছানো গিরিপথ বেয়ে মুসার নেমে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পে এসে মুসা ইব্রাহীম শুধু পানি পান করলেন। কিছু খেলেনও না। শেরপারা তাঁকে একটা স্লিপিং ব্যাগ দিল। তিনি সেটায় ঘোরগ্রস্তের মতো নিজের শরীর ঢুকিয়ে শুয়ে পড়লেন।বেহুঁশের মতো হয়ে পড়ে রইলেন তাঁবুর ভেতরে। ভোরবেলা ঘুম ভাঙল। দেখলেন স্লিপিং ব্যাগের মধ্যে শরীরের মাত্র অর্ধেকটা। বাকিটা খোলা। ঠান্ডায় শরীরের সেই অংশ জমে গেছে প্রায়। সর্বনাশ! এখানেই তো রক্ত বরফ হয়ে মরে পড়ে থাকতে পারতেন।২৪ মে, ২০১০। আবহাওয়া আজ আবার বৈরী। আকাশে মেঘ। ঝোড়ো হাওয়া বইছে। তুষার ঝরছে। এর মধ্যেই তাঁরা রওনা দিলেন। সুবিধা একটাই, অনেক অভিযাত্রী নামছেন। ক্যাম্প তুলে নিয়ে ফিরছে কোনো কোনো শেরপা। তাদের কাছে পানি ছিল। চাইলে পানি পাওয়া যাচ্ছে। পানি খেয়ে খেয়ে শরীরে শক্তি বানিয়ে নিচে নামছেন মুসা।নর্থকোলে এলেন মুসা। তখন শুরু হলো প্রচণ্ড ঝড়। শেরপারা বলল, ‘মুসা, আমরা তাঁবু তুলে ফেলব। তুমি ডাইনিংয়ের তাঁবুতে গিয়ে বিশ্রাম নাও।’ওরা তাঁবু তুলে যখন এল খাবারের তাঁবুতে, দেখে, মুসা গভীর ঘুমে অচেতন। ওরা অনেক ডাকাডাকি করে তুলল মুসাকে। মুসা উঠলেন। হাঁটছেন। এবার ঘুমের মধ্যে হাঁটা। ৫০০ মিটার খাড়া নামতে হবে। বরফের মধ্যে নোঙর গেড়ে মাঝেমধ্যেই তিনি ঘুমিয়ে পড়ছেন। এর মধ্যে শেরপারা নিচ থেকে রুটি বানিয়ে নিয়ে যাচ্ছিল নর্থকোলের দিকে। তাদের কাছ থেকে একটা রুটি নিলেন। রুটি খেয়ে পানি খাওয়ার পর শরীরে খানিকটা দম যেন ফিরে পেলেন তিনি। এর মধ্যে তিনটি খাদ। সেটা পার হওয়ার জন্যে তিনটা মই। এই খাদটা মইয়ের ওপর দিয়ে পার হতে হবে। মুসা খাদের দিকে তাকিয়ে ভয় পাচ্ছেন। না, একা একা পার হওয়া যাবে না মই। খাদের মধ্যে পড়ে গিয়ে নিশ্চিত মৃত্যু। তিনি প্রতিটি খাদের সামনে গিয়ে অপেক্ষা করলেন। কেউ না কেউ আসবে। যখন কেউ আসে, তিনি তাকে বলেন, ‘তুমি ভাই একটু দাঁড়াও। এই খাদটা আমি পার হয়ে নিই।’ তারা দাঁড়াত। এই ৫০০ মিটার পেরুনোর পরে প্রায় সমতল। এবার তাঁর মনে হলো, ‘আমি বেঁচে গেলাম। আই সারভাইভড।’তারপর ধীরে ধীরে বরফের ওপর দিয়ে হেঁটে ২৪ মে বিকেলে তিনি পৌঁছালেন অ্যাডভান্সড বেসক্যাম্পে।এবার তাঁর মনে হচ্ছে, তিনি নিরাপদে এভারেস্ট-চূড়ায় উঠে আবার নিরাপদেই নেমে আসতে পেরেছেন।পরের দিন, ২৫ মে, মুসা অ্যাডভান্স বেসক্যাম্প থেকে চলে এলেন বেসক্যাম্পে। তিনি বললেন, এবিসি থেকে বিসিতে আসাটা সহজ। প্রায় সমতল পথ।আমি কাঠমান্ডু থেকে ফোনের অপর প্রান্তে বেসক্যাম্পে অবস্থানরত মুসাকে বলি, ‘খুব সহজ পথ? আচ্ছা, কতখানি?’‘২৬ কিলোমিটার।’আমি বলি, ‘বাহবা, এত আরাম! ২৬ কিলোমিটার পথ হেঁটে হেঁটে বরফের ওপর দিয়ে আসা। প্রায় ৫০ দিন না খেয়ে না দেয়ে না ঘুমিয়ে গোসল না করে যোজন যোজন বন্ধুর পাহাড় ডিঙিয়ে তারপর একটা রাত ক্যাম্পে ঘুম। পরের দিন বরফের ওপর দিয়ে ২৬ কিলোমিটার হেঁটে আসা খুবই আরামদায়ক। বুঝসি মিয়া। আসেন বেসক্যাম্পে।’ আমার মুখে রসিকতা, চোখে অশ্রু।বেসক্যাম্পে মুসা ইব্রাহীম এসে পৌঁছেছেন বিকেল পাঁচটায়। সবাই তাঁকে অভিনন্দন জানাচ্ছে। কমল আরিয়াল ফোন করলেন কাঠমান্ডু থেকে। ফোন আসতে লাগল ডয়েচে ভেলে, বিবিসি থেকে। তারপর তিনি পেলেন আমার ফোন। চিৎকার করে বলে উঠলেন, ‘মিটুন দা, আই সারভাইভড!’