মৃত্যুর আগেই শিল্পীর প্রাপ্য সম্মান দিন: পপি
চার বছর আগে ২০০৮ সালের আজকের দিনে অনেকটা হঠাত্ করেই না ফেরার দেশে চলে যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক মান্না। তাঁর মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তৈরি হয় বিরাট শূন্যতা। সেদিন মান্নার আকস্মিক মৃত্যু তাঁর সহকর্মীদের শোকে স্তব্ধ করে দেয়। আজ চার বছর পরেও মান্নার অনুপস্থিতি তাঁর সেই সহকর্মীদের করে তোলে শোকবিহ্বল। আজ মান্নার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তাঁরই সহশিল্পী চিত্রনায়িকা পপি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের এ নায়ককে স্মরণ করেছেন গভীর শ্রদ্ধা আর ভালোবাসায়। প্রথম আলো অনলাইনের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো— আমি যখন প্রথম চলচ্চিত্রে আসি, সে সময় মান্না ভাই সুপারস্টার। তাঁর সঙ্গে আমি প্রথম অভিনয় করি জীবন রহমানের পরিচালনায় ‘মহাসংগ্রাম’ ছবিতে। ছবিটিতে কাজ করতে গিয়ে আমি যে চলচ্চিত্রে নতুন একজন অভিনেত্রী, সেটা বুঝতেই পারিনি। মান্না ভাই আমাকে সে অভাবটা বুঝতে দেননি। মহাসংগ্রাম ছবিতে মান্না ভাই আমার অভিনয়ে বেশ খুশি হন। এরপর তাঁর প্রযোজনায় ‘লাল বাদশা’ ছবিতেও অভিনয় করি। ছবিটি সে সময় সুপারহিট ব্যবসাও করে। একে একে মান্না ভাইয়ের সঙ্গে প্রায় ২০টির মতো ছবিতে অভিনয় করি। মান্না ভাইয়ের সঙ্গে আমি সর্বশেষ অভিনয় করি আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় ‘দরিয়া পাড়ের দৌলতী’ ছবিতে। শিল্পী হিসেবে মান্না ভাই যেমন অনেক বড় মাপের ছিলেন, ঠিক তেমনি মানুষ হিসেবে তাঁর ছিল অসাধারণ গুণ। আমার দৃষ্টিতে একজন ভালো মানুষ বলতে যা বোঝায়, তার সবকিছুই তাঁর মধ্যে ছিল। এ ছাড়া তাঁর আন্তরিকতার কোনো জুড়ি ছিল না। পেশাগত কাজের বাইরেও মান্না ভাই আমাকে বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন। একজন বড় মাপের নায়ক হিসেবে অনেকের মধ্যে অহংকার কাজ করে; কিন্তু সেটার ছিটেফোঁটাও মান্না ভাইয়ের মধ্যে ছিল না। ভালো-মন্দ মিলিয়েই তো মানুষ। কিন্তু মান্না ভাইয়ের ক্ষেত্রে মন্দের চেয়ে ভালোর পাল্লাটাই ছিল বেশি। মান্না ভাইয়ের মৃত্যুতে আমাদের চলচ্চিত্র শিল্পে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়। সেটা কোনো অবস্থাতেই পূরণ হওয়ার নয়।আমাদের দেশে প্রায়ই দেখা যায়, একটা মানুষের বেঁচে থাকার সময়ের চেয়ে মৃত্যুর পরই তাঁর মূল্যায়নটা হয় বেশি। রাষ্ট্রীয় মর্যাদা থেকে শুরু করে তাঁকে বিভিন্ন সম্মাননা জানানো হয় মৃত্যুর পর। এটা কিন্তু কোনো অবস্থাতেই ঠিক নয়। একজন অভিনয়শিল্পী যদি জীবিত থাকা অবস্থায় তাঁর যথাযথ মূল্যায়নটা সম্পর্কে কিছুটাও জানতে পারেন, তাহলে তিনি কিন্তু অনেক বেশিমাত্রায় তাঁর পেশার প্রতি আগ্রহী হবেন। এই তো কিছুদিন আগে ফরীদি ভাই (হুমায়ুন ফরীদি) মারা গেলেন। তাঁকে কিন্তু জীবিত থাকা অবস্থায় আমরা কোনোভাবেই মূল্যায়ন করতে পারিনি। তাই আমি সবার কাছে জোর দাবি জানাতে চাই, মৃত্যুর আগেই শিল্পীকে তাঁর প্রাপ্য সম্মানটুকু দিন।