জুরাইনের আরামবাগে ফারজানা রিতা ও তাঁর দুই সন্তানের মৃত্যু নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে পুলিশ। দুই সপ্তাহ পরও পুলিশ এটি হত্যা না আত্মহত্যা। সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, লাশের ময়নাতদন্ত, রাসায়নিক পরীক্ষা, অপরাধ চিহ্ন ও হাতের লেখা পরীক্ষার প্রতিবেদন তাঁদের হাতে আসেনি। এসব প্রতিবেদন না আসায় পুলিশ পরিষ্কার কোনো কিছু বলতে পারছে না।এর আগে এ ঘটনায় গ্রেপ্তার করা গাড়িচালক আল-আমিনকে গতকাল আবারও চার দিনের রিমান্ডে আনা হয়েছে। এর আগে এক দফা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে আল-আমিন পুলিশকে বলেছিলেন, ফারজানার স্বামী রাশেদুল কবির তাঁকে খুন করেছেন। পরে বলেন, ফারজানা ও তাঁর দুই সন্তান আত্মহত্যা করেছেন, কিন্তু তিনি এ সময় তাঁদের সামনেই ছিলেন। সবশেষে তিনি স্বীকার করেন, নাক-মুখ চেপে ধরে তিনি মৃত্যু নিশ্চিত করেছেন। তাঁর এসব কথায় পুলিশ কোনো কিছুতেই নিশ্চিত হতে পারছে না। গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ফারজানা ও তাঁর দুই সন্তানের মৃত্যুর সময় আল-আমিন সেখানে উপস্থিত ছিলেন বলে পুলিশ নিশ্চিত হয়েছে। কিন্তু সেখানে আল-আমিন ছাড়া আর কেউ উপস্থিত ছিল কি না, সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। পুলিশের সন্দেহ, ওই বাসায় ঘটনার সময় আল-আমিন ছাড়াও আরও কেউ থাকতে পারে। তবে দফায় দফায় জিজ্ঞাসাবাদে সে-সংক্রান্ত কোনো তথ্য মেলেনি। এ ঘটনায় গ্রেপ্তার করা ফারজানার শ্বশুর শফিকুল কবির, তাঁর স্ত্রী নূরবানু, দুই মেয়ে সুখন কবির, কবিতা কবির ও কবিতার স্বামী দেলোয়ার হোসেনকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাঁরা কোনো কিছুই স্বীকার করেননি। পুলিশ জানায়, তাঁরা সবাই ফারজানার সঙ্গে তাঁদের পারিবারিক বিরোধের কথা বলেছেন। তবে তাঁরা স্বীকার করেছেন, গত ৬ মে বৈঠকের পর ফারজানাকে বাড়ি ছাড়তে বলা হয়েছিল। কিন্তু তাঁদের মৃত্যুর ব্যাপারে তাঁরা কোনো কিছুই জানেন না বলে জানিয়েছেন।গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার গোলাম আজাদ খান প্রথম আলোকে বলেন, রোববারের দিকে তাঁরা পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনগুলো হাতে পেতে পারেন। এরপরই এসব ব্যাপারে তাঁরা নিশ্চিত হবে। এদিকে ফারজানার স্বামী রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতিকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। তবে স্মৃতির সাম্প্রতিক অবস্থান সম্পর্কে পুলিশ তথ্য পেয়েছে বলে জানা গেছে।