মৃত্যুর দুয়ার থেকে ফেরা
সেনা তদন্ত আদালতের উদ্ঘাটিত তথ্য অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি জোহরের আজানের পরও চারজন কর্মকর্তা জীবিত অবস্থায় দরবার হল এলাকায় আত্মগোপন করে ছিলেন। তাঁরা হলেন লে. কর্নেল সৈয়দ কামরুজ্জামান, কর্নেল আফতাবুল ইসলাম, মেজর ইকবাল হাসান ও মেজর সৈয়দ মনিরুল আলম। লে. কর্নেল সৈয়দ কামরুজ্জামান দরবার হলের উত্তর-পশ্চিম কোণের বাথরুমের ভেতর একটি টয়লেটে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। তিনি বলেছেন, বেলা আনুমানিক দুইটার দিকে কয়েকজন সৈনিক ওই বাথরুমে ঢুকে বন্ধ দরজা দিয়ে কয়েকটি গুলি করেন। কিন্তু কামরুজ্জামানের গায়ে গুলি লাগেনি। তারপর বিদ্রোহীদের একজন বলে, ‘এত গুলিতেও যখন মরেনি, চল স্যারকে কোয়ার্টার গার্ডে নিয়ে যাই।’ এর পরও সৈনিকরা কামরুজ্জামানকে একাধিকবার গুলি করতে উদ্যত হলে তাদেরই কেউ না কেউ তা ঠেকায় এবং তাকে সদর রাইফেল ব্যাটালিয়নের দিকে নিয়ে যায়।অন্যদিকে কর্নেল আফতাব ও মেজর ইকবাল দরবার হলের পেছনে পূর্ব দিকে রান্নার ডেকচি রাখার স্থানে এবং মেজর মনির পাশের নর্দমায় লুকিয়ে থাকেন।আসরের নামাজের আজানের পর গাড়ির শব্দ পাওয়া গেল। বিভিন্নজনের লাশ গাড়িতে তোলা হচ্ছিল। মেজর ইকবাল ফিসফিস করে কর্নেল আফতাবকে বললেন, ‘এখানে থাকা বোধহয় ঠিক হবে না। লাশ নিতে এসে আমাদের জীবিত দেখে মেরে ফেলবে।’ তবে অনেক লোক ঘোরাঘুরি করছে, তাই বাইরে যেতে নিষেধ করেন কর্নেল আফতাব। কিন্তু মেজর ইকবাল এশার আজানের সময় একটি ঝুড়ি হাতে নিয়ে জানালার নেট ভেঙে লাফিয়ে বাইরে পড়লেন। পড়েই ঝুড়িতে মাটি তুলতে লাগলেন। তখনো কেউ তাঁকে লক্ষ্য করেনি। র্যাংক- নেমপ্লেট আগেই খোলা ছিল। ঝুড়ি হাতে কিছুদূর যেতেই একজন ডেকে বলল, ‘কে রে?’ আফতাব জবাব দিলেন, ‘আমি জহির, বালু আনতে যাচ্ছি।’ এইভাবে দরবার হলের পূর্ব দিকে কিছুদূর গিয়ে উত্তরের পথ ধরে এগিয়ে যান তিনি। পথে বিদ্রোহীদের একটি টহল দলের প্রশ্নের উত্তরে একই কথা বলে রক্ষা পান। তিনি জাহিদ নামে পূর্বপরিচিত এক মেস-ওয়েটারের বাসার উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু সেখানে সৈনিকেরা তল্লাশি করছে দেখে তিনি বাঁয়ে রাইফেলস ভবনের দোতলায় উঠে মঞ্চের নিচে আশ্রয় নেন। ২৬ ফেব্রুয়ারি বিকেলে উদ্ধার হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। আর কর্নেল আফতাব দরবার হলের পেছনের ওই জায়গাতেই থেকে যান। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। মেজর ইকবাল পরে জানতে পারেন, কর্নেল আফতাব ২৫ ফেব্রুয়ারি রাত একটা পর্যন্ত বেঁচে ছিলেন।আর নর্দমার মধ্যে লুকিয়ে থাকা মেজর মনিরুল আলম সন্ধ্যার আগে গাড়ির শব্দ পান। ক্রমে বুঝতে পারেন যে কয়েকজন সৈনিক এসে মৃতদেহ নিয়ে যাচ্ছে। তিনি পালানোর সুবিধাজনক সময়ের অপেক্ষায় ওই ড্রেনের ভেতর মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেন। রাত ১২টার দিকে নর্দমা থেকে ওঠেন মেজর মনির। লুকানোর আরও ভালো জায়গা খুঁজতে দরবার হলের ছাদের দিকে উঠতে থাকেন। পানির ট্যাংক পার হয়ে দরবার হলের ছাদের নিচে ফলস সিলিংয়ে নিঃশব্দে ঢুকে পড়েন তিনি। ফলস সিলিংয়ের অ্যাঙ্গেলে ঠায় বসে থাকেন সারা রাত। নিচে বিভিন্ন সময় ২০-৩০ জন সৈনিকের উপস্থিতি আন্দাজ করেন তিনি। তাদের কথাবার্তাও শুনতে পান মেজর মনিরুল। রাত একটার দিকে একজনকে বলতে শোনা যায়, ‘পনেরোটারে মাইরা আসলাম। মরছে মোট ষাইট-সত্তরটা। আরও কিছু রাখা উচিত ছিল।’ আরেকজন বলে, ‘শালারা এসে আরাম করে, মজা খায়, আমাদের কষ্ট দেয়। আমরা গোসলের পানি পাই না, গাছে পানি দেয়।’এরকম প্রত্যক্ষদর্শীর বিবরণ দিয়েছেন বেঁচে যাওয়া আরো কয়েকজন কর্মকর্তা। লে. কর্নেল মো. ফখরুদ্দিন আহমেদ বিদ্রোহের প্রথম অবস্থায় দরবার হল থেকে পালিয়ে রাইফেলস পাবলিক স্কুলের বাথরুমে লুকিয়ে থাকেন।২৫ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে জেসিওদের মেসে লুকিয়ে থাকা অবস্থায় মেজর মাহবুব জানতে পারেন, ৪৪ ব্যাটালিয়নের সিসি ক্লার্কের কক্ষে কেন্দ্রীয় সুবেদার মেজরসহ আরও দুজন কর্মকর্তার লাশ পড়ে আছে।লে. কর্নেল শামসও লুকিয়ে ছিলেন এক জেসিওর বাসায়। তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে পান সামনের রাস্তায় একজন জেসিওর (তার ওই দিনই ডিএডি হওয়ার কথা ছিল) সঙ্গে দুজন অস্ত্রধারী সৈনিকের কথাকাটাকাটি হচ্ছে। একপর্যায়ে সৈনিকেরা ওই জেসিওর মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। এর পাঁচ-সাত মিনিট পরই শামস দেখেন, মেজর শাহনেওয়াজ হাত ওপরে তুলে পিলখানার ৫ নম্বর ফটকের দিকে দৌড়াচ্ছেন। কিছুদূর যাওয়ার পর গুলির শব্দ। তারপর তিনি মেজর হুমায়ুন ও মেজর সালেহকে একই ফটকের দিকে যেতে দেখলেন। লাল কাপড়ে মুখ ঢাকা দু-তিনজন সৈনিক অস্ত্র-হাতে তাদের পিছু নিচ্ছে। আবার গুলির শব্দ।সেদিন নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরতে পেরেছেন তিনজন লে. কর্নেল, ১৮ জন মেজর এবং সামরিক-বেসামরিক আরও ৩৮ কর্মকর্তা।