মৃত্যুর দুয়ার থেকে ফেরা
এ যেন কোমায় চলে যাওয়া রোগীর হঠাৎই চোখ মেলে তাকানো। ‘মৃত্যুর দুয়ার’ থেকে ফিরে এসে জীবনের জয়গান গাওয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরশু ১৮ রানে জিতে ইংল্যান্ডের বিশ্বকাপ আশাটা বাঁচিয়ে রাখতে পারাটা সত্যিই এ রকম।আয়ারল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে হেরে ‘নিবিড় পরিচর্যা কেন্দ্রে’ই চলে গিয়েছিল ইংল্যান্ড। কোণঠাসা ইংল্যান্ডের জন্য ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ছিল নিজেদের অস্তিত্বের লড়াই। সেই লড়াইয়ে নেমেও ‘কোমা’য় চলে যাওয়ার অনুভূতিতে পেয়ে বসেছিল ইংল্যান্ডকে। ইংলিশ অফ স্পিনার গ্রায়েম সোয়ান জয়ের পর প্রতিক্রিয়ায় বললেন তেমনটিই, ‘জয়ের ৫ মিনিট আগেও ভেবেছিলাম আমাদের শেষ! এ যাত্রা বাড়ি ফিরে যেতে হচ্ছে।’বাঁচা-মরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৩ রানে। খুব বড় পুঁজি এটাকে বলার উপায় নেই। ইংল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস নিজেও তা অনুভব করতে পেরেছিলেন, ‘আমাদের আরও কিছু রান বেশি করা উচিত ছিল। ২৬০ বা ২৭০ করতে পারলে নিশ্চিন্তে বোলিং করতে নামতে পারতাম।’যা চেয়েছিলেন তা হয়নি। তবে সতীর্থদের একসঙ্গে বেঁধে রাখতে পেরেছিলেন স্ট্রাউস। মনোবলটা ভেঙে পড়তে দেননি। তবে শুরুতে গেইলের পর শেষের দিকে আন্দ্রে রাসেলের ‘ক্যামিও’ ইংল্যান্ডের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেওয়ার আয়োজনই করেছিল। কিন্তু জেমস ট্রেডওয়েল ও সোয়ান—এই দুই অফ স্পিনারের অসাধারণ বোলিংয়ে ম্যাচে ফেরে ইংল্যান্ড।নিজের শেষ আর ইনিংসের ৪২তম ওভারে ৪৬ বলে ৪৯ রান করা রাসেলকে ফিরিয়ে দেন গেইল-ঝড় থামিয়ে দেওয়া ট্রেডওয়েল। সোয়ানকে তাঁর শেষ ওভারের জন্য স্ট্রাউস বল দেন ৪৪তম ওভারে। প্রথম বলে রামনরেশ সারওয়ান আর তৃতীয় বলে কেমার রোচকে আউট করে ম্যাচ ঘুরিয়ে দেন সোয়ান।স্বাভাবিকভাবেই ইংল্যান্ড দলকে বাঁচিয়ে রাখা এই দুই স্পিনারের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার কথা স্ট্রাউসের। এর আগে ১৫১ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পরও ইংল্যান্ডের ইনিংসটাকে ২৪৩-এ নিয়ে যাওয়ায় বড় ভূমিকা রেখেছেন লুক রাইট (৫৭ বলে ৪৪ রান)। এই তিনজনেরই প্রশংসা করেছেন স্ট্রাউস, ‘ট্রেডওয়েল, সোয়ান আর লুক রাইট দুর্দান্ত খেলেছে।’তবে স্ট্রাউস সবচেয়ে বড় করে দেখেছেন দলীয় চেতনাকেই, ‘কোনো সন্দেহ নেই, এই বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স অধারাবাহিক। আরও ভালো করা উচিত ছিল আমাদের। আয়ারল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়া উচিত হয়নি। তবে ঠিক সময়ে জিততেও পারি আমরা। এটি আমাদের দলীয় চেতনার প্রমাণ দেয়।’প্রায় জিতে যাওয়া ম্যাচ হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামির মন খারাপ হওয়াই স্বাভাবিক। তাঁর দুঃখ, ভালো শুরু করেও ব্যাটসম্যানদের কেউ ম্যাচটা শেষ করে আসতে পারেনি, ‘তারা যেভাবে শুরু করেছিল, সেই বিবেচনায় তাড়া করার জন্য ২৪৪ রান পেয়ে খুশিই ছিলাম। খুব কঠিন কিছু ছিল না এটা। আমাদের যে ব্যাটসম্যানরা ভালো শুরু করেছিল, তাদের একজনের দলকে জিতিয়ে আসা উচিত ছিল।’ এই পরাজয়ের মধ্যেও ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক তরুণ লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর বোলিংটাকে মানছেন একটা প্রাপ্তি। তথ্যসূত্র: এএফপি, ওয়েবসাইট।