মৃদুলকান্তির পরিবারকে ৫০ লাখ টাকা দিয়েছে ল্যাবএইড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবির মুখে সদ্য প্রয়াত অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তীর পরিবারকে ৫০ লাখ টাকা দিয়েছে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সভা শেষে ল্যাবএইড কর্তৃপক্ষ সংগীত বিভাগের চেয়ারম্যানের কাছে একটি চেক হস্তান্তর করেন। তবে ‘চিকিৎসায় অবহেলার জন্য’ গণমাধ্যমে বিবৃতি দিয়ে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার যে দাবি শিক্ষার্থীরা জানিয়েছিলেন, ল্যাবএইড তাতে রাজি হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লোকসংগীত গবেষক ও শিল্পী মৃদুলকান্তি চক্রবর্তী গত সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান। এই মৃত্যুর জন্য ল্যাবএইড কর্তৃপক্ষের ভুল চিকিৎসা ও চিকিৎসায় দীর্ঘসূত্রতাকে দায়ী করে তাঁর পরিবার। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ঘটনার জন্য দায়ী চিকিৎসকদের নাম প্রকাশ ও তাঁদের হাসপাতাল থেকে বহিষ্কার, ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে গণমাধ্যমে বিবৃতি দিয়ে জাতির কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনা ও মৃদুলকান্তি চক্রবর্তীর পরিবারকে ৭২ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে মঙ্গলবার থেকেই আন্দোলন শুরু করেন।আন্দোলনের মুখে গতকাল বিকেল চারটায় ল্যাবএইড কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনায় বসে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক আলোচনার শুরুর দিকে থাকলেও মূল আলোচনা হয় নাট্যকলা এবং সংগীত বিভাগের শিক্ষকদের সঙ্গে। আলোচনা শেষে সংগীত বিভাগের চেয়ারম্যান আকলিমা ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ল্যাবএইড কর্তৃপক্ষ ৫০ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছে। তবে এ টাকা আমরা ক্ষতিপূরণ হিসেবে গ্রহণ করিনি।’ ল্যাবএইড ভুল স্বীকার করেছে কি না জানতে চাইলে আকলিমা ইসলাম কুহেলী বলেন, নিশ্চয়ই তাদের গাফিলতি রয়েছে। নইলে তারা তো টাকা দিত না। তবে বিষয়টি যেহেতু আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই এ বিষয়ে সেখানেই নিষ্পত্তি হবে। তিনি জানান, পরবর্তী সময়ে আদালত যদি তাদের ক্ষতিপূরণ দিতে বলেন, তা-ও ল্যাবএইড কর্তৃপক্ষ দেবে বলে আলোচনা হয়েছে। আলোচনায় ল্যাবএইডের পক্ষে পরিচালক মেজর (অব.) মাহবুবুল হক ও আল এমরান চৌধুরী অংশ নেন। সভা শেষে জানতে চাইলে মাহবুবুল হক বলেন, করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ল্যাবএইড এ সহায়তা দিয়েছে। ভুল চিকিৎসা ও চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বীকার করেছেন কি না—জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় গত বুধবার ল্যাবএইড হাসপাতালের চেয়ারম্যান, সব পরিচালক, প্রধান কনসালট্যান্ট ও সংশ্লিষ্ট চিকিৎসককে তলব করেছেন হাইকোর্ট। ২৩ আগস্ট তাঁদের আদালতে হাজির হয়ে চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।শিক্ষার্থীদের তোপের মুখে ল্যাবএইড কর্তৃপক্ষ: শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বুধবার ল্যাবএইড কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে। ল্যাবএইড মৃদুলকান্তি চক্রবর্তীর পরিবারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে বলে শিক্ষকেরা জানান। কিন্তু ওই দিন রাতেই ল্যাবএইড কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায়, ক্ষতিপূরণের বিষয়ে তাঁরা কোনো আলোচনা করেননি। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুর থেকেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে দুপুর দুইটা থেকে তাঁরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। চারটায় উপাচার্যের কার্যালয়ের পাশের সভাকক্ষে আলোচনা শুরু হয়। শিক্ষার্থীরা বাইরে মাইকে ল্যাবএইডবিরোধী স্লোগান দিতে থাকেন। বিকেল পাঁচটায় উত্তেজিত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ভেতরে ঢুকে পড়েন। তাঁরা সভাকক্ষের সামনে অবস্থান নিয়ে দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। সন্ধ্যা ছয়টার দিকে নাট্যকলা বিভাগের শিক্ষক ইসরাফিল শাহীন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মশিউর রহমান বেরিয়ে এসে জানান, ল্যাবএইড কর্তৃপক্ষ ৫০ লাখ টাকা দিয়েছে। শিক্ষার্থীরা দাবি অনুযায়ী ল্যাবএইডকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন। শিক্ষকেরা জানান, হাসপাতালের মূল কর্তৃপক্ষ আলোচনা করতে আসেননি। যাঁরা এসেছেন, তাঁরা শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছেন। শিক্ষার্থীরা তাঁদের দাবির বিষয়ে অনড় থাকলে শিক্ষকদের সঙ্গে প্রায় আধা ঘণ্টা তাঁদের বাগিবতণ্ডা হয়। শিক্ষার্থীরা ল্যাবএইড প্রতিনিধিদের অবরুদ্ধ করে রাখার ঘোষণা দেন। এ সময় কয়েকজন শিক্ষক জোর করে শিক্ষার্থীদের প্রশাসনিক ভবনের বাইরে বের করে দেন। তখন ল্যাবএইডের দুজন পরিচালক প্রশাসনিক ভবনের পেছনের ফটক দিয়ে বেরিয়ে যান। ল্যাবএইড কর্তৃপক্ষের বক্তব্য: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃদুলকান্তি চক্রবর্তীকে সোমবার সকাল ১০টা পাঁচ মিনিটে ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তিনি দুই দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। তাঁর বমি হচ্ছিল। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তাঁর রক্তচাপ ছিল ১৯০/১০০ mmHg। তাঁর ব্লাডসুগার ছিল ১২.৯ mmol/L। তাঁকে এ সময় আইসিইউতে ভর্তি হতে বলা হলেও পারিবারিকভাবে সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হয়।এক হাজার টাকা ঘাটতির জন্য শিক্ষক মৃদুলকান্তিকে ভর্তি করাতে দেরি হওয়ার যে অভিযোগ তাঁর স্ত্রী করেছিলেন, সে বিষয়ে ল্যাবএইড কর্তৃপক্ষ বলেছে, টাকার জন্য কোনো অবস্থাতেই কখনো কোনো রোগীকে চিকিৎসা করতে বিলম্ব করা হয় না। ল্যাবএইড এ ধরনের মনোবৃত্তি প্রতিষ্ঠালগ্ন থেকেই পরিহার করে আসছে। কেবিনে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক রোগীকে স্যালাইন ও মেটরানিডাজল এবং সিপ্রোসিন ইনজেকশন দেন। এর মধ্যে তাঁর অবস্থা খারাপ হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে সব সিনিয়র ডাক্তারের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।রোগীর ইসিজি রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে, তাঁর হাইপার ক্যালিমিয়া ছিল। সাধারণত ডায়রিয়া রোগীর হাইপো ক্যালিমিয়া হয়। যেহেতু রোগীর হাইপার ক্যালিমিয়া ছিল, তাই ডাক্তারি মতে ধারণা করা যায়, রোগীর কিডনি সঠিকভাবে কাজ করছিল না। এর ফলে তাঁর অন্য উপসর্গের পাশাপাশি সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং রোগী মারা যান। ল্যাবএইড বলেছে, ‘এটা আমাদের জন্যও দুঃখজনক যে মৃদুলকান্তি চক্রবর্তীর মতো একজন মানুষকে চিকিৎসার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি।’