মৃধার গাড়িচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ কেলেঙ্কারির ঘটনায় রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাপরিচালক (জিএম) ইউসুফ আলী মৃধার গাড়িচালক মোখলেসুর রহমানকে আজ বুধবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মোখলেসুর রহমান আজ সকাল ১০টায় দুদক কার্যালয়ে আসেন এবং দুপুর ১২টায় বেরিয়ে যান। জানা গেছে, দুদকের দুই কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।মোখলেসুর রহমান সাংবাদিকদের কাছে দাবি করেন, ৯ এপ্রিল ইউসুফ আলী মৃধার গাড়িতে তিনি কোনো টাকা দেখেননি এবং এ বিষয়ে তিনি কিছু জানতেন না। তবে মোখলেসুর জানান, ওই দিন শাহজাহানপুরের বাসা থেকে ধানমন্ডিতে আসার সময় জিএমের গাড়িতে তাঁর স্ত্রী উপস্থিত ছিলেন। ৯ এপ্রিল সারা দিন তিনি কী কী করেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোখলেসুর দাবি করেন, ‘সকালে জিএম চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। তখন তাঁর সঙ্গে কাঁঠালের বস্তা ও লাগেজ ছিল। আমি তাঁকে শাহজাহানপুরের বাসায় পৌঁছে দেই। সকাল নয়টায় জিএমকে নিয়ে রেল ভবনে যাই। তখন তাঁর সঙ্গে কোনো জিনিসপত্র ছিল না। সন্ধ্যায় বাসায় ফিরে আসেন জিএম। তখনো তাঁর সঙ্গে কিছু ছিল না। এর দেড় ঘণ্টা পরে তিনি তাঁর স্ত্রীকে নিয়ে নিয়ে বের হন এবং পথে রেলের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হককে গাড়িতে তুলে নেন। তাঁরা ধানমন্ডির তিন নম্বরে জিএমের শ্বশুর বাড়িতে যান এবং সেখানে সবাই গাড়ি থেকে নেমে যায়।’ উল্লেখ্য, ৯ এপ্রিল গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানার মূল ফটকে বিপুল অঙ্কের টাকাসহ সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক, রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধা ও রেলের নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (ঢাকা) এনামুল হক আটক হন। তাঁরা দাবি করেন, তাঁরা রেলমন্ত্রীর বাসায় যাচ্ছিলেন। পথে তাঁদের অপহরণ করার লক্ষ্যে গাড়ির চালক আলী আজম গাড়িটি বিজিবির ফটকের ভেতর ঢুকিয়ে দেন। এরপর বিজিবির সদস্যরা টাকাসহ সবাইকে আটক করেন। এ ঘটনায় রেলমন্ত্রী ১৬ এপ্রিল পদত্যাগ করেন। এ ছাড়া জিএম ইউসুফ আলী মৃধা ও নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হককে সাময়িক বরখাস্ত এবং এবং ফারুককে অব্যাহতি দেওয়া হয়। দুদক এ ঘটনা তদন্ত করছে।