মে দিবসের আগেই নতুন শ্রমনীতি মন্ত্রিসভায় উপস্থাপন হবে
খসড়া প্রকাশের প্রায় দেড় বছর পর আগামী মে দিবসের আগেই জাতীয় শ্রমনীতি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উঠছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এর আগে ১৯৮০ সালে জাতীয় শ্রমনীতি প্রণীত হয়েছিল।বৈঠকের পরে কমিটির সভাপতি ইসরাফিল আলম সাংবাদিকদের বলেন, আগামী মে দিবসের আগেই শ্রমনীতির চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় উত্থাপনের সুপারিশ করেছে কমিটি। মন্ত্রণালয়ও কমিটির সঙ্গে একমত পোষণ করেছে। মে দিবসে শ্রমিকদের জন্য এটা উপহার হিসেবে থাকবে। বর্তমানে শ্রমবাজারের প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনের আলোকেই নতুন শ্রমনীতি প্রণয়ন করা হয়েছে। একই সঙ্গে কমিটি সংসদের আগামী অধিবেশনে শ্রম আইন সংশোধনের জন্য একটি বিল উত্থাপনের জন্যও সুপারিশ করেছে। প্রণীত শ্রমনীতির আলোকেই শ্রম আইন সংশোধন করা হবে বলে তিনি জানান।খসড়া শ্রমনীতির উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, বিনিয়োগ-সহায়ক পরিবেশ সৃষ্টির মাধ্যমে সব কর্মক্ষম নাগরিকের জন্য উত্পাদনশীল, বৈষম্যহীন, শোষণমুক্ত, শোভন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সব ক্ষেত্রে শ্রমিকের অধিকার ও শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা।কমিটির সভাপতি ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শহীদুজ্জামান সরকার, আবদুছ ছাত্তার ও রওশন জাহান অংশ নেন।