মে দিবসের ছুটি না পেয়ে শ্রমিকদের বিক্ষোভ, আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে দিবস উপলক্ষে ছুটি না পাওয়ায় গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল করছে টঙ্গী বাজার দোকান কর্মচারী ইউনিয়ন। মিছিলে দোকান মালিকদের হামলায় চার শ্রমিক আহত হয়েছে। শ্রমিকদের দাবি, দীর্ঘদিন থেকেই তাঁরা মে দিবস উপলক্ষে মালিক পক্ষের কাছে দোকান বন্ধ রাখার আবেদন করেও ছুটি পাননি। তাই আজ বাধ্য হয়ে তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি টঙ্গী বাজার প্রদক্ষিণ করে মহাসড়কের দিকে যাওয়ার সময় বাজার মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও দোকান মলিক মুকুল সরকারের নেতৃত্বে ৩০-৩৫ জন ব্যক্তি শ্রমিকদের ওপর রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এ সময় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদুর রহমান ও অপর তিন শ্রমিককে একটি কক্ষের ভেতরে আটকে মারধর করে। দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি জানান, টঙ্গী বাজারে প্রায় সাড়ে ১৩ হাজার দোকান রয়েছে। অন্য পেশার শ্রমিকেরা যেখানে দিনে আট ঘণ্টা কাজ করে সেখানে এই শ্রমিকেরা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ১২ ঘণ্টা কাজ করে। কিন্তু বিনিময়ে অতিরিক্ত কোনো পারিশ্রমিক পায় না শ্রমিকেরা। বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবসের মতো সরকারি ছুটির দিনেও তাঁদের ছুটি দেওয়া হয় না বলে তিনি অভিযোগ। দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মুকুল সরকার হামলার কথা অস্বীকার করে বলেন, শ্রমিকেরা বিক্ষোভের নামে কয়েকটি দোকানে লুটপাট করার চেষ্টা চালান। এ সময় মালিক পক্ষ তাঁদের প্রতিহত করে। এতে কয়েকজন সামান্য আহত হতে পারে। টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে উভয় পক্ষই অভিযোগ করেছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।