আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আগামী মে মাসের মধ্যে কয়েকজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে। আজ রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।আইনমন্ত্রী জানান, সাক্ষীদের নিরাপত্তার জন্য আইন মন্ত্রণালয়কে আইন প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। খসড়া হলে মন্ত্রিসভার বৈঠকে তা উপস্থাপন করা হবে।বেশ কয়েকজন যুদ্ধাপরাধী দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে যে কথা শোনা যাচ্ছে, সে ব্যাপারে আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, কেউ পালিয়ে যায়নি। আইনজীবী প্যানেল গঠনে ধীরগতির কারণ জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আইনে কোনো বিধি-নিষেধ নেই। প্রয়োজনের সময় আইনজীবী নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনে তা বাড়ানো বা কমানো যেতে পারে বলে তিনি জানান।বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত তদন্ত সংস্থার সদস্য ও সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ১৯৭১ সালের মানবতাবিরোধী নানা অপরাধের বিচারে গত মার্চ মাসে সরকার ট্রাইব্যুনাল গঠন করে।