প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, ৭ মের মধ্যে ভোলা-৩ আসনের উপনির্বাচন এবং মে মাসের শেষ সপ্তাহে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচন হবে। একই সঙ্গে মে মাসের শেষ সপ্তাহে উপকূলীয় অঞ্চল থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শুরু হয়ে একনাগাড়ে চলবে। শেষ হবে এ বছরেই। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।সিইসি বলেন, ডিসিসির নির্বাচন ও সীমানা পুনর্নির্ধারণ নিয়ে দায়ের করা রিট আদালত খারিজ করেছেন। রিট করায় সময়মতো তফসিল ঘোষণা করা সম্ভব হয়নি। পুরো এপ্রিল ও মে মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা (উচ্চমাধ্যমিক ও সমমান) চলবে। এসব প্রতিষ্ঠানের শিক্ষকেরাই মূলত নির্বাচনে দায়িত্ব পালন করেন। আমরা যদি খুব দ্রুতও নির্বাচন করি, তবুও মে মাসের শেষ সপ্তাহ ছাড়া ডিসিসির নির্বাচন করা সম্ভব নয়। সিইসি জানান, দীর্ঘদিন ধরে ইউপি নির্বাচন না হওয়াটা দুঃখজনক। এসব ইউনিয়নের কার্যক্রম অনেকটা তামাদি অবস্থায় রয়েছে। এখন তা নিয়মিত করতে হবে।নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে সিইসি বলেন, সামনে ভোলা-৩ আসনে উপনির্বাচন এবং দুটি সিটি করপোরেশন, ৩০৫টি পৌরসভা, চার হাজার ৪০৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। প্রশাসন কীভাবে কাজ করে, আমরা কীভাবে কাজ করি, সেটা দেখে আপনারা মূল্যায়ন করবেন। কচি-কাঁচার অনুষ্ঠানে সিইসি: দুপুর ১২টার দিকে চাঁদপুর ক্লাব মিলনায়তনে চাঁদপুর অংকুর কচি-কাঁচার মেলার সাবেক ভাই-বোনদের পুনর্মিলনী উত্সবে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা এ টি এম শামসুল হুদা। সংগঠনের চাঁদপুর শাখার পরিচালক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পরিচালক খোন্দকার ইব্রাহিম খালেদ, চাঁদপুর পৌরসভার মেয়র নাসির উদ্দিন আহমেদ প্রমুখ।