২০০০ সালের তুলনায় ২০৭০ সালে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের পানির উচ্চতা ১১ দশমিক ২ ইঞ্চি বেড়ে সুন্দরবনে বাঘের ৯৬ শতাংশ বিলুপ্ত হতে পারে। এতে বিশ্বখ্যাত মেকং বাঘের মতো একই পরিণতি পেতে পারে সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। বাংলাদেশের সুন্দরবনের ওপর চলতি সপ্তাহে প্রকাশ করা একটি সমীক্ষা প্রতিবেদন বন্য প্রাণীবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) এ তথ্য দিয়েছে। বাঘবিষয়ক পৃথক তিনটি প্রতিবেদনে ডব্লিউডব্লিউএফ বলেছে, গত এক যুগে মেকং বাঘের সংখ্যা ৭০ শতাংশ কমে গেছে। আর গত ১০০ বছরে পৃথিবীতে বাঘের সংখ্যা এক লাখ তিন হাজার ২০০টিতে নেমে এসেছে। একমাত্র বাংলাদেশের সুন্দরবনের বাঘের সংখ্যা দীর্ঘদিন ধরে স্থিতিশীল আছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেতে শুরু করায় সুন্দরবনের বাঘের জীবনও ঝুঁকির মধ্যে পড়তে শুরু করেছে। লবণাক্ততা বেড়ে যাওয়া ও বাঘে-বাঘে সংঘর্ষের কারণে নিজের সীমানা এলাকা থেকে বিতাড়িত হয়ে প্রায় প্রতিবছর একাধিক বাঘ সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোতে এসে মানুষের হাতে মারা পড়ছে। গত ১১ বছরে ১০টি বাঘ এভাবে মারা গেছে। আগামী দিনগুলোতে বাঘ-মানুষের সংঘর্ষ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। মানববসতিতে বাঘ আসা নিয়ে মতভিন্নতা: বন অধিদপ্তর ও ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ—এই দুটি সংস্থার হিসাবে ২০০৭ সালের তুলনায় ২০০৯ সালে সুন্দরবনসংলগ্ন এলাকায় বাঘের আনাগোনা ২৩ শতাংশ বেড়েছে। সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বাঘের আনাগোনা বেড়েছে সবচেয়ে বেশি। এর মাত্রাকে আশঙ্কাজনক বলা হয়েছে প্রতিবেদনে। সুন্দরবনের এক হাজার ২০৭ কিলোমিটার খাল এলাকার এক হাজার ৬৫০টি স্থান পর্যবেক্ষণ করে এই তথ্য পাওয়া গেছে। দুই মাস ধরে পরিচালিত এই জরিপের মাধ্যমে সংস্থা দুটি ধারণা করছে, সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে। তবে বসতি এলাকায় বাঘ চলে আসার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কিছুটা ভিন্নমত দিয়েছেন ব্রিটিশ জুয়োলজিক্যাল সোসাইটির গবেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুনিরুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, গত তিন বছরে সুন্দরবনে দুটি বড় ঘূর্ণিঝড় সিডর ও আইলা আঘাত হেনেছে। এর ফলে বনের ভেতরে বাঘের সীমানা এলাকা (টেরিটরি) নষ্ট হয়ে যেতে পারে। ফলে বাঘে-বাঘে সংঘর্ষের জের হিসেবে পরাজিত বাঘটি মানববসতি এলাকায় চলে আসতে পারে। সুন্দরবন এলাকার পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়েছে—এমন ধারণা করে মুনিরুল ইসলাম বলেন, বাঘ মিঠাপানি খেতে পছন্দ করে। ফলে তারা মানববসতি এলাকায় খাবার ও মিঠাপানির জন্য আসছে। জুয়োলজিক্যাল সোসাইটি অব লন্ডনের আওতায় পরিচালিত ‘সুন্দরবনের প্রান্তীয় এলাকায় বন্য প্রাণী ও মানুষের দ্বন্দ্ব’ শীর্ষক একটি চলমান গবেষণায় দেখা গেছে, সুন্দরবনের বাঘের প্রিয় খাদ্য হরিণ। কিন্তু এখনো যত্রতত্র হরিণ শিকার করা হচ্ছে। ফলে পার্শ্ববর্তী গ্রামে গরু বা অন্য গবাদিপশু শিকার করতেও বাঘেরা চলে আসছে। বাংলাদেশ সুন্দরবনস রিলেটিভ টাইগার এবানডেন্ট সার্ভে শীর্ষক গবেষণাটি দুটি জরিপের ভিত্তিতে তৈরি করা হয়েছে। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বন বিভাগ থেকে প্রথম জরিপটি করা হয়। ২০০৯ সালের জরিপটি বন অধিদপ্তরের সহযোগিতায় পরিচালনা করে ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অব বাংলাদেশ (ডব্লিউটিবি) ও জুয়োলজিক্যাল সোসাইটি অব লন্ডনের (জেএসএল) গবেষকেরা। সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সম্প্রতি একটি বাঘকে পিটিয়ে মারার উদাহরণ টেনে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, সংখ্যায় বেড়ে যাওয়ায় রয়েল বেঙ্গল টাইগার বসতি এলাকায় চলে আসছে। তবে এই বৃদ্ধির বিষয়টি এখনো সুনির্দিষ্ট তথ্য ও জরিপের মাধ্যমে প্রমাণ করা যায়নি। চলতি বছর সরকার আবার বাঘ জরিপ শুরু করতে যাচ্ছে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয় ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ের জন্য বাংলাদেশ বাঘ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। লোনাপানির কবলে বাঘ: প্রভাবশালী আন্তর্জাতিক জার্নাল ক্লাইমেট চেঞ্জ-এর চলতি জানুয়ারির সংখ্যায় ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং বাঘ: বাংলাদেশের সুন্দরবনে সম্ভাব্য প্রভাব’ শীর্ষক একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ম্যানগ্রোভ বন সুন্দরবন সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র এক মিটার উঁচুতে হওয়ায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যানেলের (আইপিসিসি) মতে, ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বাড়বে। বাঘ যখন ওষুধ: ডব্লিউডব্লিউএফ বলছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার মেকং অববাহিকায় গত ১২ বছরে ৭০ শতাংশ বাঘ বিলুপ্ত হয়ে গেছে। কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামে ১৯৯৮ সালে এক হাজার ২০০টি বাঘ ছিল। চলতি বছর জরিপ চালিয়ে দেখা গেছে, বাঘের সংখ্যা কমে ৩৫০টিতে দাঁড়িয়েছে। বাঘের সংখ্যা এমন আশঙ্কাজনক হারে কমে যাওয়ার পেছনে সংস্থাটি মানুষকে দায়ী করছে। ডব্লিউডব্লিউএফ অভিযোগ করেছে, চীনে কিছু ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বাঘের অঙ্গপ্রত্যঙ্গ ব্যবহূত হচ্ছে। ফলে শিকারিরা বাঘ হত্যা করছে।এই প্রক্রিয়া চলতে থাকলে ২০১১ সালের মধ্যে মেকং অববাহিকাসহ বেশ কিছু এলাকা থেকে বাঘ বিলুপ্ত হয়ে যেতে পারে।