মেক্সিকো পৌঁছেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো লাতিন আমেরিকা সফরের উদ্দেশে রওনা হয়ে গতকাল শুক্রবার মেক্সিকোতে পৌঁছেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট। বিবিসি অনলাইনে এ খবর বলা হয়েছে।খবরে বলা হয়, মেক্সিকোর কেন্দ্রীয় শহর গুয়ানাজুয়াতোয় পৌঁছানোর পর প্রেসিডেন্ট ফিলিপ কালদেরন পোপকে স্বাগত জানান। তিনি বলেন, মাদক-সংশ্লিষ্ট সহিংসতাপীড়িত মেক্সিকোয় পোপের এই সফর অত্যন্ত তাত্পর্যপূর্ণ। এ সময় হাজার হাজার ভক্ত তাঁকে সম্ভাষণ জানান।এদিকে, পোপের আগমন উপলক্ষে শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও সেনাসদস্যও মোতায়েন করা হয়েছে বলে বিবিসির প্রতিনিধিরা জানান।আজ শনিবার প্রেসিডেন্ট কালদেরনের সঙ্গে পোপের বৈঠক হওয়ার কথা। গুয়ানাজুয়াতোয় সফর শেষে লিওনের নিকটবর্তী সিলাও শহরে সময় কাটাবেন তিনি। মেক্সিকো সফর শেষে কিউবা ভ্রমণে যাবেন পোপ। মেক্সিকোর জনসংখ্যার ৮৮ শতাংশই রোমান ক্যাথলিক। পোপ ষোড়শ বেনেডিক্টের পূর্বসূরি পোপ জন প্রায়ই মেক্সিকো ভ্রমণ করতেন।