মেক্সিকোতে তেল সংস্থার ভবনে বিস্ফোরণ, নিহত ২৫
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অবস্থিত রাষ্ট্রীয় তেল সংস্থা পেমেক্সের সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার বিকেলে শক্তিশালী বিস্ফোরণে ২৫ ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০০ জন। এখনো অনেকে ওই ভবনটির ভেতরে আটকা পড়ে আছে। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।ভবনটির নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রয়টার্স জানায়, ৫০ তলাবিশিষ্ট ভবনটির নিচতলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পরপরই পুরো ভবনটি ঘিরে রাখে পুলিশ। উদ্ধারকর্মীরা উদ্ধারতত্পরতা চালাচ্ছেন।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল এঞ্জেল অসোরিও চং হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ভবনে কর্মরত অনেকে এখনো ভেতরে আটকা পড়ে আছে বলেও জানান তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, গ্যাস বয়লার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে কারণ তদন্তে অনুসন্ধান চলছে বলে জানান তিনি। আর প্রত্যক্ষদর্শীরা বলছেন, পার্শ্ববর্তী একটি ভবন থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে।ঘটনার পর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো গভীর দুঃখপ্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সুষ্ঠু তদন্ত ও এই দুর্ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে আইনের মুখোমুখি করার নির্দেশ দেন।