মেক্সিকোতে দুই মানবাধিকার কর্মী নিহত
দক্ষিণ মেক্সিকোর বিভিন্ন সশস্ত্র গ্রুপের উত্পীড়নে বিপর্যস্ত একটি শহরে খাদ্যদ্রব্য ও অন্যান্য রসদ পৌঁছে দেওয়ার চেষ্টা চালাতে গিয়ে ওত পেতে থাকা সন্ত্রাসীদের আক্রমণে দুই মানবাধিকার কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ সংবাদ দেয়।স্থানীয় অ্যাটর্নি জেনারেলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত মঙ্গলবার ৩০ জন মানবাধিকার কর্মীর একটি দলের ওপর বন্দুকধারীরা অতর্কিতে আক্রমণ চালালে মানবাধিকার গ্রুপ ক্যাকটাসের মেক্সিকান পরিচালক বিয়াট্রিজ ক্যারিনো ও ফিনল্যান্ডের মানবাধিকার পর্যবেক্ষক জাইরি অ্যানটারো জাক্কোলা নিহত হন। দলটি দেশটির দরিদ্র অঙ্গরাজ্য ওয়াক্সাকার সান জুয়ান কোপালায় যাচ্ছিল, যেখানে ট্রিকুই আদিবাসী অধ্যুষিত শহরগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে।মেক্সিকো শহরে ক্যাকটাসের প্রতিনিধি ডেভিড ক্যাস্টিলো বলেন, দলটি দুর্গম পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। রাস্তার ওপর পাথরের একটি অবরোধ সামনে পড়ায় গাড়িগুলো থেমে যেতে বাধ্য হয়। তখন তাঁদের ওপর লুকানো অবস্থান থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালানো হলে বিয়াট্রিজ ক্যারিনো ও জাইরি অ্যানটারো জাক্কোলা নিহত হন।এ ঘটনায় দলের সঙ্গে ভ্রমণকারী স্থানীয় একটি সাময়িকীর দুজন সাংবাদিক নিখোঁজ হয়েছেন বলে জানান আনা লিলিয়া পেরেজ, যিনি ওই একই সাময়িকীতে কাজ করেন। সান জুয়ান কোপালা দেশীয় প্রথাভিত্তিক একটি স্বাধীন সরকার গঠনের চেষ্টা করছে। কিন্তু আশপাশের শহরগুলোর অস্ত্রধারী গ্রুপগুলো এ চেষ্টার বিপক্ষে এবং তারা এই জনগোষ্ঠীকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখতে তাদের পানি ও বিদ্যুত্ সরবরাহ বিচ্ছিন্ন করে দিয়েছে।