মেক্সিকোতে দুর্বৃত্তের গুলিতে ৮ ট্যাক্সিচালক নিহত (ভিডিও)
মেক্সিকো শহরের মনটেরি এলাকায় দুর্বৃত্তের গুলিতে আটজন ট্যাক্সিচালক নিহত হয়েছেন। মনটেরিতে ওই এলাকায় মাদকদ্রব্য ধ্বংস করা হয়। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, উত্তরাঞ্চলীয় মেক্সিকোর প্রদেশ নুভো লিওনে মাদকদ্রব্য ধ্বংসের পর আজ দিনে দুপুরে এ ঘটনা ঘটে। মেক্সিকোর একটি দৈনিক পত্রিকায় খবরে বলা হয়েছে, আজ স্থানীয় সময় বেলা দুইটার দিকে একটি ছোট ভ্যানে করে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে দুটি মার্কেটে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আটজন ট্যাক্সিচালক নিহত হন। অপরাধপ্রবণ এলাকা মনটেরিতে এ ঘটনা ঘটার পর এর সঙ্গে স্থানীয় কোনো সন্ত্রাসীর যোগসাজশ আছে কি না, তা তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ। ঘটনার প্রত্যক্ষদর্শী ভালদিমার বলেছেন, ‘জায়গাটা মোটেও নিরাপদ নয়। আর ঘটনাটি এবার প্রথমবারের মতো নয়। এটা অন্যান্য শহরেও ঘটছে। আমরা কাজের জন্য বাইরে যাই, তখন ভাবি যে ফিরে এসে একটু শান্তিতে থাকব। কিন্তু এই চিন্তার সব সময় উল্টোটাই ঘটছে। আমাদের সব সময় আতঙ্কের মধ্যে দিন যাপন করতে হয়।’উত্তরাঞ্চলীয় মেক্সিকোতে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। সাম্প্রতিক বছরগুলোতে এখানে সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে। তা ছাড়া এই অঞ্চলটি মাদক পাচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে লাভজনক রুট হিসেবে পরিচিত।