মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ১৩ জন নিহত
মেক্সিকোর সিউদাদ হুয়ারেজ শহরে স্কুলশিক্ষার্থীদের একটি পার্টিতে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং ১১ জন কিশোর-কিশোরী। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ২৪ জন। তাত্ক্ষণিকভাবে এ হামলার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ১৫ থেকে ২০ বছর বয়সী শিক্ষার্থীদের এই পার্টিতে থাকা কেউ হয়তো কোনো মাদক চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে। সিউদাদ হুয়ারেজে এত মাদক কেনাবেচা ও ব্যবহার হয় যে এর ফলে এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক শহরে পরিণত হয়েছে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, আক্রমণকারী দলটি গতকাল রোববার সকালে কয়েকটি গাড়িতে করে যে বাড়িতে পার্টি হচ্ছিল সেখানে আসেন। তারা বাড়ির বাইরে থেকেই এলোপাতাড়ি গুলি করতে করতে ভেতরে ঢোকে। পুলিশ কর্মকর্তারা এপিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, অন্তত ১৫ জন লোক আক্রমণে অংশ নেয়। সাপ্তাহিক ছুটির দুই দিনে মার্কিন সীমান্তবর্তী এ শহরে অন্তত আরও ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে বিবিসি জানায়।